প্রথম প্রান্তিকে গ্রামীণফোনেরআয় বেড়েছে

দেশের বৃহত্তম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দুই হাজার ৪৯০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। আবার এটি ২০১৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি৷
আলোচ্য সময়ে গ্রামীণফোনের কর-পূর্ব আয় বেড়েছে ২৩০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। আর আয়কর প্রদানের পর নিট মুনাফা হয়েছে ৫২০ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৪৫০ কোটি টাকা৷
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়৷ এতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, অর্থনৈতিক কার্যক্রম আবার শুরু হওয়ায় গত বছরের (২০১৩) চতুর্থ প্রান্তিকের মন্দা কাটিয়ে এই প্রান্তিকে গ্রামীণফোন সাফল্যের ধারায় ফিরতে পেরেছে।
প্রতিবেদনের তথ্যানুসারে এই প্রান্তিকে গ্রামীণফোন ১৫ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক সংগ্রহ করেছে৷ ফলে মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে চার কোটি ৮৬ লাখ৷ বাজারে হিস্যা হয়েছে ৪২ দশমিক ২ শতাংশ৷
আর্থিক প্রতিবেদন অনুসারে, এই প্রান্তিকে কোম্পািনর শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ দশমিক ৮২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩ দশমিক ৩৬ টাকা৷
গ্রামীণফোন এই প্রান্তিকে থ্রিজি নেটওয়ার্ক স্থাপন, টুজির ধারণক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধিতে ২৮০
কোটি টাকা বিনিয়োগ করেছে৷ এর ফলে চালু হওয়ার পর থেকে কোম্পানির মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৬০০ কোটি টাকা। আলোচ্য সময়কালে গ্রামীণফোন রাষ্ট্রীয় কোষাগারে
কর, মূসক ও শুল্ক বাবদ মোট এক হাজার ৭০ কোটি টাকা জমা
দিয়েছে।
অনুষ্ঠানে বিবেক সুদ জানান, সিম রিপ্লেসমেন্ট বিষয়ে রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে৷ বিজ্ঞপ্তি৷