প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২১.৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রামীণফোন লিমিটেড আয় করেছে দুই হাজার ৬৭ কোটি টাকা। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি।প্রথম প্রান্তিকে গ্রাহকসংখ্যা ৩৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। আর গ্রাহক বাড়ায় ভয়েস ডাটা ও আন্তসংযোগ ট্রাফিকের আয় এবং হ্যান্ডসেট বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানের আয় বেড়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের ডেপুটি সিইও (উপপ্রধান নির্বাহী কর্মকর্তা) ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসী।তিনি আরও জানান, গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় প্রতিষ্ঠানের আয় বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ বা ১০৯ কোটি টাকা।গতকাল রাজধানীর স্থানীয় একটি হোটেলে চলতি বছরের প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব জানাতে গ্রামীণফোন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।রায়হান শামসী বলেন, বছরের শুরুতেই নেটওয়ার্কের আধুনিকায়ন এবং ধারণক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা হয়েছে ২০৬ কোটি টাকা।গত রোববার রাতে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৫টি স্থানে গ্রামীণফোনের নেটওয়ার্ক কে বা কারা কেটে দিয়েছে অভিযোগ করে রায়হান শামসী বলেন, ‘এতে উত্তরবঙ্গের গ্রাহকদের সমস্যা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছি।’ ইতিমধ্যে প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা বেশির ভাগ স্থানের নেটওয়ার্ক ঠিক করে ফেলেছেন বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আয়কর প্রদানের পর গত বছরের প্রথম প্রান্তিকের ৩১৬ কোটি টাকা মুনাফার তুলনায় চলতি বছরে একই সময়ে নিট মুনাফা হয়েছে ২৮৭ কোটি টাকা।এ বছর প্রথম প্রান্তিকে সংযোগ-ভর্তুকি দেওয়া হয়েছে ২০৯ কোটি টাকা। গত বছরের এ সময় দেওয়া হয়েছিল ৮১ কোটি টাকা। বর্তমানে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে দুই টাকা ১২ পয়সা, যা গত বছরের একই সময় ছিল দুই টাকা ৩৪ পয়সা।রায়হান শামসী বলেন, সরকার ইতিমধ্যে নবায়ন নীতিমালার ওপর দেওয়া অপারেটরদের প্রাথমিক প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমাদের কথা শুনবে এবং এ দেশের সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করে বিনিয়োগবান্ধব নীতিমালা করবে।’বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা তিন কোটি ২০ লাখ, যা দেশের মোট গ্রাহকের ৪৩ দশমিক ৮ শতাংশ।সম্মেলনে প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন বিভাগের প্রধান আরিফউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।