প্রথম প্রান্তিকে নিম্নমুখী ফোর্ডের মুনাফা

প্রথম প্রান্তিকে ৩৯ শতাংশ মুনাফা কমেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের। উত্তর আমেরিকার বাজারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি কমে যাওয়ায় মুনাফায় নিম্নমুখী এই প্রবণতা।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, ফোর্ড জানিয়েছে গত জানুয়ারি থেকে মার্চ অর্থাত্ প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬৪ কোটি মার্কিন ডলার।
২০১৩ সালে উত্তর আমেরিকায় ফোর্ডের মুনাফা দাঁড়িয়েছে ১৫০ কোটি মার্কিন ডলার, যা বছরের শুরুতে ছিল ২৪০ কোটি মার্কিন ডলার। অর্থাত্ এই সময়ে কেবল উত্তর আমেরিকায় ফোর্ডের বিক্রি কমেছে ৩ শতাংশ।
এদিকে গ্রাহকদের সঙ্গে লেনদেন ও গাড়ির নিরাপত্তা নিশ্চিতে ৪০০ মিলিয়ন ডলারের একটি তহবিল আলাদা করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড কর্তৃপক্ষ। তবে এ ধরনের তহবিল গঠনকে সাধারণ ঘটনা হিসেবে মন্তব্য করেছেন ফোর্ডের প্রধান অর্থ কর্মকর্তা বব শ্যাংকস।
অন্যদিকে ফোর্ডের প্রধান অ্যালান মুলালি মুনাফা কমে যাওয়ার বিষয়টি ‘স্বাভাবিক’ হিসেবে দেখছেন। কেননা, তাঁর মতে নতুন বছরে ফোর্ডের ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ’ কিছু পণ্য বাজারে আনা হচ্ছে। ২০১৪ সালে বিশ্বে ২৩ ধরনের নতুন গাড়ি ছাড়বে ফোর্ড।