প্রথম প্রান্তিকে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি শ্লথ হয়ে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পণ্য রপ্তানির প্রবৃদ্ধি শ্লথ হয়ে এসেছে। প্রথম দুই মাসে প্রবৃদ্ধি ৩ দশমিক ৬৩ শতাংশ হলেও তিন মাস শেষে এসে তা দাঁড়িয়েছে ২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়কালে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই সময় আয় হয়েছে ৬২৯ কোটি ১৪ লাখ ডলার, যা ৬৬৩ কোটি ৬০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ১৯ শতাংশ কম। এদিকে শুধু সেপ্টেম্বরে রপ্তানি আয় হয় ১৯০ কোটি ডলার। এই আয় ১৮৭ কোটি ৬০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে দেড় শতাংশ বেশি। তবে এ ছাড়া গত বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৩ শতাংশ বেশি। ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আলোচ্য সময়ে প্রধান প্রধান রপ্তানিপণ্যের ক্ষেত্রেই আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কাঁচাপাট, টেরিটাওয়েল, হিমায়িত মাছ, চিংড়ি, সিমেন্ট, প্লাস্টিক পণ্য, চামড়া, প্রকৌশল পণ্য, বাইসাইকেল প্রভৃতি পণ্যের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে হ্রাস পেয়েছে। তবে ওভেন পোশাক, হোম টেক্সটাইল, আসবাবপত্র, রাবার, চা, শুকনো খাবার প্রভৃতি পণ্যের রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও এবারের লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে।অন্যদিকে শাক-সবজি, ফলমূল, মসলা, কসমেটিকস, হস্তশিল্প, কার্পেট, পাদুকাসহ বেশ কিছু পণ্যের রপ্তানি আয় লক্ষ্যমাত্রাও আগের বছরের চেয়ে বেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মন্দায় পড়তে যাচ্ছে। অন্যদিকে ইউরোপের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফলে আমাদের পণ্যের চাহিদা কমছে। রপ্তানি হ্রাস পাচ্ছে।’ ইপিবির তথ্যমতে আলোচ্য সময়ে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে ওভেন পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে নিট পোশাক খাত। ওভেন ও নিট পোশাক খাত থেকে যথাক্রমে ২৫৮ ও ২৫১ কোটি ডলার রপ্তানি আয় হয়। তবে ওভেন পোশাকের রপ্তানি আয় একই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ কম হয়েছে।