প্রথম প্রান্তিকে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৯ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এটি বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের একই সময়ে এডিপি ১১ শতাংশ বাস্তবায়িত হয়েছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকের হিসাবে, ২০১২-১৩ অর্থবছরে ১৩ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১১ শতাংশ ও ২০১০-১১ অর্থবছরে ৯ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।
সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে চলতি এডিপির সাত হাজার ৫৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের পাঁচ হাজার ৬৮৫ কোটি টাকার প্রকল্পও এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হচ্ছে।
তবে এডিপিতে বিদেশি সহায়তার ব্যবহার কমে গেছে। প্রথম প্রান্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত তিন বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বিদেশি সহায়তা ব্যবহার করা হয়েছে। আলোচ্য সময়ে মাত্র এক হাজার ৭৪৪ কোটি টাকার সমপরিমাণ বিদেশি সহায়তা খরচ হয়েছে। আগের দুই অর্থবছরে এর পরিমাণ ছিল যথাক্রমে এক হাজার ৯৬১ কোটি টাকা ও দুই হাজার ২৩২ কোটি টাকা। এবারের এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ২৭ হাজার ৭০০ কোটি টাকা।
এ ছাড়া স্থানীয় উৎস থেকে দেওয়া বরাদ্দের ৫২ হাজার ৬১৫ কোটি টাকার মধ্যে আলোচ্য সময়ে পাঁচ হাজার ২৮১ কোটি টাকা খরচ হয়েছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো টাকা খরচ করতে পারেনি। আর বরাদ্দের ১ শতাংশ বা তার চেয়ে কম খরচ করেছে চারটি মন্ত্রণালয় ও বিভাগ। মন্ত্রণালয় ও বিভাগসমূহ হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়।
এদিকে বরাদ্দপ্রাপ্ত শীর্ষ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের অনূকূলে চলতি এডিপির ৬০ হাজার ৮৮৬ কোটি টাকা রয়েছে, যা মোট মূল এডিপির ৭১ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর মাসে এসব মন্ত্রণালয় মাত্র পাঁচ হাজার ৮৬৩ কোটি টাকা খরচ করেছে, যা বরাদ্দের প্রায় ১ শতাংশ।