প্রথম প্রান্তিকে প্রবাসী-আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসী বাংলাদেশিরা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৪৭ শতাংশ বেশি রেমিট্যান্স বা প্রবাসী-আয় পাঠিয়েছেন। সর্বশেষ সেপ্টেম্বর মাসে প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন তা আগস্টের তুলনায় কিছুটা কম। তবে তা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় অনেক বেশি। আগস্ট মাসে ঈদুল ফিতর থাকায় প্রবাসী-আয় খানিকটা বেশি আসে। আবার ঈদুল আজহার কারণেও চলতি অক্টোবর মাসে প্রবাসী-আয় বেশি আসবে বলে মনে করছেন ব্যাংকাররা। বিশ্ব অর্থনীতি বিশেষত ইউরোপের দেশগুলোতে সংকট থাকা সত্ত্বেও গত অর্থবছরে (২০১১-১২) রেমিট্যান্স-প্রবাহ তার আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ২৪ শতাংশ বেশি ছিল। এর আগে কোনো কোনো বছর রেমিট্যান্স আয়ে ভালো প্রবৃদ্ধি থাকলেও বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে গত অর্থবছরের আয়কে আশাব্যঞ্জক মনে করা হয়। একইভাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের রেমিট্যান্স আয়কে উৎসাহব্যঞ্জকই বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রেমিট্যান্স আয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ১১৭ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। আগস্ট মাসে এসেছিল ১১৭ কোটি ৮৬ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১২০ কোটি ১১ লাখ ডলার। সব মিলিয়ে জুলাই-সেপ্টেম্বর সময়কালে ৩৫৫ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। ২০১১-১২ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯৭ কোটি ২৮ লাখ ডলার।