প্রথম প্রান্তিকে বাজেট-ঘাটতি, অর্থায়ন ব্যাপকভাবে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাজেট-ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ কমে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারকে তিন হাজার ৭১৪ কোটি টাকার বাজেট ঘাটতি অর্থায়ন করতে হয়েছে। আর ২০১১-১২ অর্থবছরের একই সময় অর্থায়ন করতে হয়েছিল নয় হাজার ১৭৭ কোটি ২৭ লাখ টাকার। অর্থনীতিবিদেরা বলছেন, এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, সরকারের বাজেটীয় ব্যবস্থাপনা কিছুটা উন্নতি হয়েছে। আর তা হয়েছে মূলত বিদেশি সহায়তা ব্যবহারে অগ্রগতি হওয়ায়।যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘এই সময়টাতে বিদেশি সহায়তার ছাড় ও ব্যবহার বেড়েছে। গত বছরের মতো ভর্তুকির চাপটা নেই। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত আছে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নও আগেরবারের তুলনায় ভালো। এসবের ফলে ঘাটতি অর্থায়ন কমে গেছে।’আহসান মনসুর আরও বলেন, ‘বিদেশি সহায়তা ছাড়করণে সরকারের ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। এ বিষয়টি নিয়ে সাম্প্রতিক কালে সমস্যা হচ্ছিল। এখন যদি এই উন্নতির ধারা অব্যাহত থাকে, তাহলে আগামী দিনগুলোয় ঘাটতি অর্থায়নের চাপ কিছুটা কম থাকবে। কেননা, চলতি ব্যয় সাধারণত চলতি রাজস্ব আয় থেকেই নির্বাহ করা হয়।’প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে ঘাটতি অর্থায়নে বিদেশি অর্থায়নের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৭৩৩ কোটি ৪০ লাখ টাকা। আর গত অর্থবছরের একই সময় বিদেশি অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ৯০৪ কোটি ৩৯ লাখ টাকা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে বলেছিলেন, ‘ঘাটতি অর্থায়নে এবারও আমরা সহজ শর্তে স্বল্প সুদে বিদেশি উৎস হতে ঋণ আহরণকে গুরুত্ব দিয়েছি।’ বিদেশি অর্থায়ন ব্যাপকভাবে বাড়ায় দেশীয় উৎস থেকে অর্থায়ন কমে গেছে। এর ফলে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণও কমে গেছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে যেখানে দেশীয় উৎস থেকে সরকারকে আট হাজার ২৭২ কোটি ৮৮ লাখ টাকা ঋণ নিতে হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রকৃত (নিট) ঋণ গ্রহণ দাঁড়িয়েছে মাত্র ৯৮০ কোটি ৫৫ লাখ টাকা।প্রকৃত ঋণ গ্রহণ বলতে নির্দিষ্ট সময় নতুন ঋণ গ্রহণ ও আগে গৃহীত ঋণের মূল পরিশোধের মধ্যকার পার্থক্যকে বোঝানো হয়। পরিসংখ্যান অনুসারে, দেশীয় উৎসের মধ্যে ব্যাংকবহির্ভূত উৎস থেকে গৃহীত ঋণের প্রকৃত পরিমাণ হলো এক হাজার ৮৬ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকবহির্ভূত ঋণের প্রায় পুরোটাই আবার আসে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি থেকে।অন্যদিকে এই সময়কালে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের প্রকৃত ঋণ গ্রহণ নেতিবাচক হয়ে গেছে। অর্থাৎ সরকার আগে গৃহীত ঋণ পরিশোধ করার পরও ১০৫ কোটি ৭০ লাখ টাকা সরকারের হতে রয়ে গেছে। অন্যদিকে গত অর্থবছরের একই সময় সরকারকে সাত হাজার ৪৬৬ কোটি ৯০ লাখ টাকার ঋণ নিতে হয়েছিল ব্যাংকব্যবস্থা থেকে।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, প্রথম প্রান্তিকের বাজেট ঘাটতি চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, তার দশমিক ৩৬ শতাংশ। সরকার অবশ্য এ বছর বাজেট-ঘাটতি জিডিপির ৫ শতাংশে ধার্য করেছে। উল্লেখ্য, গত অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৫ দশমিক ১০ শতাংশে উন্নীত হবে বলে লক্ষ্যমাত্রা সংশোধন করা হলেও শেষ পর্যন্ত তা জিডিপির ৩ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হয়। সরকারকে ৩০ হাজার ৮৬৪ কোটি ৮০ লাখ টাকার ঘাটতি অর্থায়ন করতে হয়, যার দুই-তৃতীয়াংশই ছিল অভ্যন্তরীণ উৎস থেকে।