প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি সামান্য বেড়েছে
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৮ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে দেখা যায়, আলোচ্য সময়কালে বাংলাদেশের পণ্যবাণিজ্যে ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে ঘাটতির পরিমাণ ছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার।পণ্যবাণিজ্যের পাশাপাশি সেবা খাতের বাণিজ্যেও ঘাটতি বেড়ে গেছে। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা রয়েছে। গত বছরে একই সময়ে যেখানে ৮০ লাখ ডলারের ঘাটতি ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চলতি হিসাবে ১৩ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ, নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়লেনদেনের ভারসাম্য সারণির হালনাগাদ উপাত্ত অনুসারে, প্রথম প্রান্তিকে ১১১ কোটি ৪০ লাখ ডলারের সার্বিক ভারসাম্য দেখা দিয়েছে, যেখানে গত বছরের একই সময়ে ছিল প্রয় ১০ কোটি ডলারের ঘাটতি।