প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (বাঁয়ে) রাজিব শেঠি
গ্রামীণফোনের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন (বাঁয়ে) রাজিব শেঠি

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর পরবর্তী মুনাফা বেড়েছে দেশের বৃহত্তম মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের। এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৪০ কোটি টাকা। ২০১৪ সালের প্রথম প্রান্তিকে এ মুনাফা ছিল ৫২০ কোটি টাকা।
তবে এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় কিছুটা কমে ২ হাজার ৫২০ কোটি টাকা হয়েছে, যা ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) চেয়ে ২ দশমিক ৯ শতাংশ কম। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির সঙ্গে ৫ লাখ গ্রাহক নতুনভাবে যুক্ত হয়েছেন, ফলে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২০ লাখে।
রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার বছরের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব শেঠি ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলীপ পাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের বহির্যোগাযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা, যা ২০১৪ সালের প্রথম প্রান্তিকে ছিল ৩ টাকা ৮২ পয়সা। বছরের প্রথম প্রান্তিকে থ্রিজি ও টুজি নেটওয়ার্কের মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে ৩৭০ কোটি টাকা বিনিয়োগ করেছে গ্রামীণফোন। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ১ হাজার ২১০ কোটি টাকা জমা করেছে, যা কোম্পানির মোট আয়ের ৪৮ শতাংশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছরের ২১ এপ্রিল আয়োজিত ১৮তম বার্ষিক সাধারণ সভায় ৯৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশসহ ২০১৪ সালের জন্য ১৬০ শতাংশ মোট নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। শেয়ারধারীরা ঘোষিত লভ্যাংশের ৯০ শতাংশের বেশি অর্থ সভার পরের দিনই বুঝে পেয়েছেন বলে জানানো হয়।
গ্রাহকসংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠানটির দখলে আছে ৪২ শতাংশ। ২০১৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ইন্টারনেট গ্রাহকসংখ্যা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮০ হাজার।
সিইও রাজিব শেঠি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর তীব্র প্রতিযোগিতার কারণে বছরের শুরুটা ভালো হয়নি। তবে আমরা স্রোতের বিপরীতে দৃঢ়ভাবে এগিয়ে গেছি, ফলে প্রথম প্রান্তিকের শেষ দিকে ব্যবসায়ের উন্নতি দেখা গেছে।’
আলোচ্য প্রান্তিকে ভয়েস কলরেট কমানোর পাশাপাশি ইন্টারনেট প্যাকেজ সরল করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক দায়বদ্ধতা উল্লেখ করে প্রথমবারের মতো ‘সাসটেইনিবিলিটি রিপোর্ট ২০১৪’ প্রকাশ করেছে গ্রামীণফোন।