প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রান্তিকে মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী গ্রামীণফোনের কর পরবর্তী মুনাফা হয়েছে ৫১৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড মুনাফা হয়েছিল ৪৫৩ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে তিন টাকা ৮২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৬ পয়সা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল তিন টাকা ৩৬ পয়সা।

এদিকে মুনাফা বৃদ্ধির খবরে আজ গ্রামীণফোনের শেয়ারেও ইতিবাচক প্রভাব পড়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বা পাঁচ টাকা বেড়ে ২৭৩ টাকায় লেনদেন হয়।