প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে রূপালী ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Rupali-bank
Rupali-bank

প্রথম প্রান্তিকে মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংকের। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, রূপালী ব্যাংকের কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে ২০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড মুনাফা হয়েছিল ১৫ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড বেসিক ইপিএস হয়েছে এক টাকা ১৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮ পয়সা বেশি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।
এদিকে মুনাফা বৃদ্ধির খবরে আজ রূপালী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বেলা সোয়া ১১টার দিকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১ দশমিক ৫৭ শতাংশ বা এক টাকা ১০ পয়সা বেড়ে ৭১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।