প্রথম প্রান্তিকে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি শ্লথ
চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হলেও প্রবৃদ্ধির হার শ্লথ হয়ে পড়েছে। এই তিন মাসে ১৮ হাজার ৭৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ২০১০-১১ অর্থবছরের একই সময় রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার ৬৯০ কোটি টাকার। আর এই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ। চলতি অর্থবছরে আমদানিশুল্ক, সম্পূরকশুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আয়করসহ ৯১ হাজার ৮৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়কালে স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ রাজস্ব আদায় হয়েছে ছয় হাজার ৭৪৫ কোটি ৯৪ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত অর্থবছরের একই সময় এ খাতে রাজস্ব আদায় হয়েছিল পাঁচ হাজার ৯৪২ কোটি ১৬ লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ছিল ৩২ দশমিক ১৬ শতাংশ।এরপর আমদানি ও রপ্তানি পর্যায়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। এ খাতে আমদানিশুল্ক, সম্পূরকশুল্ক, রপ্তানিশুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) মিলিয়ে আদায় হয়েছে ছয় হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। গত বছর একই সময় রাজস্ব আদায় ছিল ছয় হাজার ৫১ কোটি ৪৪ লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ছিল ১৯ দশমিক ১২ শতাংশ। এদিকে আলোচ্য সময়ে আয়কর, ভ্রমণ করসহ প্রত্যক্ষ কর আদায় হয়েছে চার হাজার ৫৮৬ কোটি টাকা ১৩ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক শূন্য ৪ শতাংশ। আর গতবার এই সময় এ খাতে আদায় ছিল তিন হাজার ৬৯৭ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে শুধু আয়কর উপখাতের অবদান চার হাজার ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা। অবশ্য আয়কর আদায়ে প্রবৃদ্ধির হার বেশ ভালো হয়েছে—২৪ দশমিক ৮৯ শতাংশ। আর গতবার এই সময়ে এ খাতে আদায় ছিল তিন হাজার ৫৯৫ কোটি সাত লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছিল ১৫ দশমিক ১৭ শতাংশ। এনবিআর কর্মকর্তারা অবশ্য জানান, একটি বছরের ভালো প্রবৃদ্ধির ওপর পরের বছর আরেকটি ভালো প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। এ বছর রাজস্ব আদায়ে সার্বিকভাবে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। তাই ভালো প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।