প্রথম প্রান্তিকে শিল্পঋণ ব্যাপকভাবে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়াদি  শিল্পঋণ  বিতরণ
মেয়াদি শিল্পঋণ বিতরণ

দেশের শিল্প খাতে মেয়াদি ঋণের প্রবাহ ব্যাপকভাবে কমে গেছে। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তায় চাহিদা সংকুচিত হওয়ার প্রভাবে এমনটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শিল্প খাতে প্রায় আট হাজার ৮৮১ কোটি টাকার মেয়াদি ঋণ বিতরণ করা হয়েছে।
এই বিতরণ করা ঋণ গত অর্থবছরের প্রথম প্রান্তিকের সময়ের তুলনায় সাড়ে ৮ শতাংশ এবং গত অর্থবছরের শেষ প্রান্তিকের তুলনায় সাড়ে ১৫ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ প্রান্তিক পরে শিল্পঋণ বিতরণ নয় হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।
সাধারণত প্রতি অর্থবছরই প্রথম প্রান্তিকে শিল্পঋণের প্রবাহ আগের অর্থবছরের শেষ প্রান্তিকে তুলনায় কিছুটা কমে যায়। তবে সাম্প্রতিক কালে শিল্পঋণ কমে যাওয়ার এটাই সবচেয়ে বড় উদাহরণ।
শিল্প খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতাসহ একাধিক কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রথমত, নির্বাচনকে ঘিরে দেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার ফলে অনেকেই আর নতুন বিনিয়োগে তেমন আগ্রহী হচ্ছেন না। তাঁরা বরং বিদ্যমান বিনিয়োগ ধরে রাখা ও সীমিত পর্যায়ে সম্প্রসারণের দিকে জোর দিচ্ছেন। এর ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা কিছুটা কমেছে।
দ্বিতীয়ত, ব্যাংকঋণের সুদের হার এখনো উচ্চপর্যায়ে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিভিন্ন বাড়তি ব্যয়। এসব কারণে অনেকেই এখন বিদেশ থেকে ঋণ গ্রহণের দিকে ঝুঁকেছে।
তৃতীয়ত, ২০১১ সালের শেষ দিকে হল-মার্কসহ একাধিক ঋণ জালিয়াতি ও কেলেঙ্কারির ঘটনা ধরা পড়ার পর থেকে গোটা ব্যাংকিং খাতেই একধরনের দ্বিধা ও আস্থাহীনতা তৈরি হয়েছে। ব্যাংকগুলো আগের তুলনায় অনেক বেশি সতর্ক হয়ে ও যাচাই-বাছাই করে ঋণ দিচ্ছে।
মেট্রোপলিটন চেম্বার অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনীতির যে পর্যালোচনা প্রকাশ করেছে, তাতেও এ রকম অভিমত তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে বকেয়া শিল্পঋণ আদায় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১০ হাজার ২৩৫ কোটি ৮৭ লাখ টাকার বকেয়া শিল্পঋণ আদায় করেছে, সেখানে গত অর্থবছরের প্রথম প্রান্তিকে আদায় হয়েছিল আট হাজার ১৯১ কোটি টাকা।