প্রথম প্রান্তিকে সাহায্য ছাড় ৫০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫০ কোটি ২২ লাখ ডলার বিদেশি সহায়তা এসেছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩ কোটি ডলার বেশি। আগের বার ৪৭ কোটি ১ লাখ ডলার এসেছিল।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। ছাড় করা অর্থের মধ্যে ঋণ ৪০ কোটি ৭৯ লাখ ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ঋণের পরিমাণ কমেছে, তবে অনুদান বেড়েছে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ঋণ হিসেবে ছাড় হয়েছিল ৪২ কোটি ৩০ লাখ ডলার। আর অনুদান পাওয়া গেছে ৪ কোটি ৭ লাখ ডলার।
এদিকে, গত সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বব্যাংক সবচেয়ে বেশি ছাড় করেছে। সংস্থাটি ঋণ ও অনুদান মিলিয়ে ২৪ কোটি ৯৩ লাখ ডলার দিয়েছে। এর মধ্যে ঋণ ১৯ কোটি ২০ লাখ ডলার, আর অনুদান ৫ কোটি ৭৩ লাখ ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭ কোটি ৬২ লাখ ডলার, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) ৫ কোটি ৫৪ লাখ ডলার, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৪ কোটি ২৫ লাখ ডলার, রাশিয়া ২ কোটি ২৭ লাখ ডলার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ১ কোটি ১৯ লাখ ডলার দিয়েছে।
অর্থবছরের প্রথম তিন মাসে সরকার আসল ও সুদ হিসেবে বিভিন্ন দাতা সংস্থাকে মোট ২৩ কোটি ৭৭ লাখ ডলার ফেরত দিয়েছে। এর মধ্যে আসল ১৮ কোটি লাখ ডলার। ৫ কোটি ৫৭ লাখ ডলার ফেরত দিয়েছে সুদ বাবদ। এ সুদাসল ফেরত দেওয়ার জন্য সরকার বাজেটে আলাদা বরাদ্দ রাখে।
এ দিকে চলতি অর্থবছরে নতুন করে ৫৭৩ কোটি ডলার বিদেশি সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে ইআরডি সূত্রে জানা গেছে। এ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভায় প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে বলে জানান ইআরডি কর্মকর্তারা। গত অর্থবছরে ৬০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। এর বিপরীতে ৫২১ কোটি ডলার মিলেছিল।