প্রথম প্রান্তিকে সাড়ে তিন গুণ বেশি সঞ্চয়পত্র বিক্রি
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে তিন গুণ বেড়েছে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, অর্থবছরের প্রথম প্রান্তিকে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি দাঁড়িয়েছে দুই হাজার ৯৭ কোটি ৪৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি ছিল ৪৫৩ কোটি ১৪ লাখ টাকা।
সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি বলতে একটি নির্দিষ্ট সময়ে বিক্রির বিপরীতে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার পর যা অবশিষ্ট থাকে সেটাকে বুঝায়।
প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, শুধু সেপ্টেম্বর মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি হয়েছে ৭৮০ কোটি ৭০ লাখ টাকা।
আবার সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্র বিক্রির স্থিতি দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ টাকা। গত অর্থবছর অর্থাৎ এ বছরের জুন শেষে এই স্থিতি ছিল ৬৪ হাজার ৫১০ কোটি ৪৩ লাখ টাকা।
চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে চার হাজার ৯৭১ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।