প্রথম বিশ্ব বিপণন সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল ওয়ার্ল্ড সামিট লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বিপণন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আয়োজকেরা জানান, তিন দিনের এ সম্মেলনে সাধারণ ও ইনকিউবেটর প্লিনারি অধিবেশন এবং তারকা বক্তা অধিবেশন থাকবে। প্লিনারি অধিবেশন অনুষ্ঠিত হবে ২০টি। এর মধ্যে থাকবে ইনকিউবেটর অধিবেশন। এর বাইরে অনুষ্ঠিত হবে তারকা বক্তা অধিবেশন। এসব অধিবেশনে বিভিন্ন দেশের বিপণন বিশেষজ্ঞরা বক্তৃতা করবেন।এ ছাড়া বিপণন প্রদর্শনী, বিভিন্ন ধারণার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও সম্মেলনে থাকছে। সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো ও ডেইলি স্টার।সম্মেলনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব সুপাচাই পানিচপাকদি, অধ্যাপক ফিলিপ কটলারসহ বিভিন্ন দেশের ৬০ জনের বেশি বিশেষজ্ঞ যোগ দেবেন বলে জানা গেছে।সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ দিয়েছে সম্মেলন আয়োজনকারী কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর এবং উদ্ভাবনী সমাধান বের করতে বিপণন-দর্শন, নীতি-নৈতিকতা এবং দূরদৃষ্টি কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েই আলোচনা হবে এই বিপণনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে।সম্মেলনের একটি বিশেষ দিক হচ্ছে ইনকিউবেটর, যা মূলত গবেষণা পরিচালনার জন্য কাজ করবে। প্রথম দুই বছর বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর আবার ২০২০-২১ সালে বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী এক বছর সম্মেলনভিত্তিক কার্যক্রম কীভাবে চলবে, সেটা এ সম্মেলনে ঠিক করা হবে।সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.worldmarketingsummit.org ওয়েবসাইটে।