প্রথম মাসে দ্বিগুণ রাজস্ব আদায় ডিএসইর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের প্রথম মাসে আগের মাসের চেয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর দেওয়া কর ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তর বাবদ ডিএসই এই রাজস্ব আদায় করে। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই সূত্র জানায়, গত জুলাই মাসে ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে চার কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ১২২ টাকা কর আদায় করে ডিএসই। আর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তর বাবদ ১২ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৯৮৬ টাকা কর আদায় করা হয়। এরই মধ্যে এই টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।আর গত অর্থবছরের শেষ মাস অর্থাত্ জুনে ডিএসইর পক্ষ থেকে সরকারকে মোট আট কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৫৫৫ টাকা রাজস্ব দেওয়া হয়েছিল। এই হিসাবে জুলাই মাসে সরকার ডিএসইর কাছ থেকে জুনের তুলনায় প্রায় দ্বিগুণ রাজস্ব পেয়েছে।এ ছাড়া ডিএসইর পক্ষ থেকে গত জানুয়ারি মাসে প্রায় ১১, ফেব্রুয়ারিতে ছয়, মার্চে ১০, এপ্রিলে ২৪ ও মে মাসে ৪১ কোটি টাকা রাজস্ব খাতে জমা দেওয়া হয়।আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩ বিবিবি ধারা ও ৫৩ এম ধারার আওতায় ডিএসই এই কর আদায় করে তা রাজস্ব খাতে জমা দেয়।উল্লেখ্য, ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে দশমিক শূন্য ৫ শতাংশ হারে আয়কর আদায় করা হয়। আর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর কাটা হয়।