প্রথম সীমান্ত হাটের উদ্বোধন আগামীকাল
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সীমান্ত হাট উদ্বোধন করা হচ্ছে আগামীকাল শনিবার। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গাড়োহিল জেলার কালাইরচর সীমান্তের জিরো পয়েন্টের উভয় পাশে দুই দেশের ৭৫ বর্গমিটার জায়গাজুড়ে বসবে এই হাট।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা যৌথভাবে এই সীমান্ত হাটের উদ্বোধন করবেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাসহ দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, এই হাট উদ্বোধনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই হাট চালুর উদ্যোগ নেওয়া হয়, যা প্রতি বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চালু থাকবে, যেখানে বিক্রি হবে উভয় দেশের ৪৭টি পণ্য। এরই মধ্যে ভারতের উল্লেখযোগ্য পণ্যগুলো হলো: কৃষি ও মসলাজাতীয় পণ্য, উপজাতীয়দের তৈরি বিভিন্ন সামগ্রী, মাছ ও শুঁটকি মাছ, দুগ্ধ, পোলট্রি, কুটিরশিল্প, কাঠের আসবাবপত্র, ইক্ষুজাত পণ্য, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট ইত্যাদি।অপর দিকে বাংলাদেশের উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে থাকবে: চিপস, চানাচুর, আলু, তৈরি পোশাক, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, সিম ও আসবাবপত্র। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীরা ফল, প্রসাধনী, পান-সুপারি, মধু, বাঁশ ইত্যাদি বিক্রি করতে পারবেন। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের প্রথম আলোকে জানান, এই হাটে পণ্য কেনাবেচার জন্য ইতিমধ্যে আটটি ছাউনি তৈরি করা হয়েছে। এসব ছাউনিতে উভয় দেশের ২৫ জন করে ৫০ জন ব্যবসায়ী তাঁদের পণ্য কেনাবেচা করতে পারবেন। ইতিমধ্যে এই হাটের জন্য নির্ধারিত চার বিঘা জমি কাঁটা তার দিয়ে ঘেরা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার জিঞ্জিরাম নদের ওপর একটি সেতু তৈরি করা হয়েছে। এ ছাড়া এই হাটে শোচাগার এবং তৎসংলগ্ন রাস্তাও তৈরি করা হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, ২৭ জুলাই বুধবার থেকে সাধারণ জনগণের জন্য প্রথমবারের মতো এই হাট খুলে দেওয়া হবে। ওই দিন থেকেই হাটটিতে দুই দেশের পণ্য কেনাবেচা শুরু হবে।জানা গেছে, যাঁরা এই হাটে যাবেন তাঁদের আগেভাগেই নিজ নিজ দেশের জেলা প্রশাসন থেকে হাটে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে। তবে এই হাটে কোনো ব্যক্তিই ৫০ ডলার সমমূল্যের বেশি পণ্য কিনতে পারবেন না।এদিকে হাটের ক্রেতাদের নিরাপত্তা ও পাস সংগ্রহ নিয়ে ইতিমধ্যে স্থানীয় জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। তাঁদেরই একজন সাদেক হোসেন বলেন, ‘দুর্গম এলাকার সাধারণ মানুষের পক্ষে জেলা শহরে গিয়ে পাস সংগ্রহ করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হবে। এ ছাড়া এই হাটে আইনশৃঙ্খলার অবনতি (মারামারি ও হত্যা ইত্যাদি) হলে প্রশাসন কেমন করে ব্যবস্থা নেবে?’এ প্রসঙ্গে রাজীবপুরের ইউএনও আ. কাদের বলেন, ‘এই হাটে দুই দেশের দুজন ম্যাজিস্ট্রেট থাকবেন। তাঁরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, ‘এই হাট চালু হলে বালিয়ামারী, মণ্ডলপাড়া, সান্ডারপাড়া, জালছিরাপাড়া, কড়াইডাঙ্গিপাড়া, আলগারচর, লাঠিয়ালডাঙ্গা, ব্যাপারীপাড়া, জাউনিয়ারচর, মিয়াপাড়া ও বাউলপাড়া গ্রাম এবং পার্শ্ববর্তী রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’স্থানীয় লোকজনের মধ্যে অনেকেই এ হাট চালুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদেরই একজন আবদুস ছামাদ বলেন, ‘এখানে হাট হওয়ায় আমরা ভীষণ খুশি।’একইভাবে ভারতের সীমান্তবর্তী বলদানগিরি, ওয়াদাগিরি, জানগিরি, মারহালিপাড়া, কালাইরচর ও ঢাকঢাকিপাড়া গ্রামসহ এর আশপাশের এলাকার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।প্রসঙ্গত, সীমান্ত হাট চালুর লক্ষ্যে গত বছর ২৩ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।