প্রথম ৬ মাসে গ্রামীণফোনের আয় বেড়েছে ১২ শতাংশ
গ্রামীণফোন লিমিটেড চলতি বছরের প্রথম ছয় মাসে আয় করেছে তিন হাজার ৫৮১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় এক হাজার ৮৭৭ কোটি টাকা, যা ২০০৯ সালের একই সময়ের তুলনায় শতকরা ১৫ ভাগ বেশি।মূলত গ্রাহকসংখ্যা বৃদ্ধির কারণে ‘ভয়েস কল’ থেকে আয় বেড়েছে বলে মনে করছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে গ্রামীণফোন ব্র্যান্ডেড হ্যান্ডসেট ও ডেটা কার্ড বিক্রির আয়। ডেটা থেকে আয়ের পরিমাণ গত বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।গ্রামীণফোনের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) এবং সিএফও রায়হান শামসী বলেন, ‘উন্নত মানের সেবা এবং উদ্ভাবনী পণ্য ও সেবা বাজারে আমাদের দিয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা। পাশাপাশি স্বল্পমূল্যের হ্যান্ডসেটসহ নতুন সংযোগ ‘বাঁধন’ পল্লি এলাকায় গ্রামীণফোনের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।’জানা গেছে, গ্রামীণফোন এই প্রান্তিকে ২৬ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে। এতে দেশের মোবাইল ফোনের বাজারের শতকরা ৪৪ ভাগ গ্রাহক গ্রামীণফোনের দখলে।এ ছাড়া কর দেওয়ার পর গত বছরের প্রথম ছয় মাসে ৪৭৮ কোটি টাকা মুনাফার তুলনায় চলতি বছরের একই সময়ে নিট মুনাফা ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৮৩ কোটি টাকা। তবে বেশিসংখ্যক গ্রাহক সংগ্রহের জন্য গ্রামীণফোন ৩২৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ায় আয় বাড়লেও মুনাফা কমেছে। এ প্রসঙ্গে রায়হান শামসী বলেন, ‘ভর্তুকি দেওয়ার মাধ্যমে গ্রাহক সংগ্রহ করায় মুনাফা কম হলেও একে আমরা স্বল্পমেয়াদি বিনিয়োগ বলে মনে করছি। দীর্ঘ মেয়াদে এতে অধিকতর রাজস্ব আয় করা যাবে বলে আমরা আশাবাদী।’সংযোগ কর প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের মোবাইল ফোনশিল্পের প্রবৃদ্ধির প্রধান বাধা সিম ট্যাক্স, যা ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে উপেক্ষা করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম ছয় মাসে জাতীয় কোষাগারে এক হাজার ৮১৪ কোটি টাকা এবং প্রতিষ্ঠার পর থেকে ১৬ হাজার ৬০০ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। করপোরেট কর কমে যাওয়ার পরও গ্রামীণফোন এ বছরের প্রথম ছয় মাসে ৪৬৮ কোটি টাকা করপোরেট কর দিয়েছে, যা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ৮২ কোটি টাকা বেশি।তালিকাভুক্ত কোম্পানি হিসেবে প্রথমবারের মতো গ্রামীণফোন গত ৮ জুন ১৩তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করে। সভায় শেয়ারহোল্ডাররা ২০০৯ সালের আর্থিক প্রতিবেদন এবং শতকরা ৬০ ভাগ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।