প্রথমবারের মতো বাণিজ্য কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো দেশের স্থলবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ কমেছে। এটিকে স্থলবন্দর ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ কমার লক্ষণ বলে মনে করা হচ্ছে। কারণ, স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত অবকাঠামো-সুবিধা নেই। দেশের ১০টি স্থলবন্দর দিয়ে সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৭২ লাখ ৮৩ হাজার টন পণ্য আমদানি হয়েছে। আগের বছর এর পরিমাণ ছিল ৭৭ লাখ ২৮ হাজার টন। এক বছরের ব্যবধানে স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টন পণ্য কম আমদানি হয়েছে।
তবে এক বছরের ব্যবধানে রপ্তানি কিছুটা বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে স্থলবন্দর দিয়ে প্রায় ১৩ লাখ টন পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ লাখ টন বেশি। সব মিলিয়ে দেশের ১০টি স্থলবন্দর দিয়ে সদ্য বিদায়ী অর্থবছরে ৮৫ লাখ ২৭ হাজার টন পণ্য আসা-যাওয়া বা বাণিজ্য হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৮৯ লাখ টন। আমদানি ও রপ্তানি মিলিয়ে এক বছরের ব্যবধানে বন্দর ব্যবহার করে পণ্যের আসা-যাওয়া কমেছে প্রায় ৪ লাখ টন। স্থলবন্দর প্রতিষ্ঠার পর এবারই প্রথম বাণিজ্য কমেছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির বিষয়টি নির্ভর করে ব্যবসায়ীদের আগ্রহের ওপর। ইদানীং নৌপথে ব্যবসা-বাণিজ্য বেড়েছে। ব্যবসায়ীরা এখন নৌপথে ঝুঁকেছেন। আবার ভারত মাঝে মাঝে বিভিন্ন পণ্যে মাশুল বসিয়ে দেওয়ায় অনেকে অন্য দেশ থেকেও পণ্য আমদানি করেছেন হয়তো। এসব কারণে গত অর্থবছরে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কিছুটা কমেছে। তিনি জানান, স্থলবন্দরের সেবা আধুনিক করা হয়েছে। দিনে দিনেই পণ্য খালাস করা সম্ভব হচ্ছে। সার্বিকভাবে বাণিজ্য কমলেও স্থলবন্দরের আয় বেড়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে দেশের স্থলবন্দরগুলো বিভিন্ন ধরনের মাশুল নিয়ে প্রায় ৮০ কোটি টাকা আয় করেছে। ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা।
বর্তমানে ২৩টি স্থলবন্দর রয়েছে। তবে এর মধ্যে ১০টি কার্যকর আছে। এসব স্থলবন্দরে পর্যাপ্ত অবকাঠামো নেই। বাকিগুলো এখনো শুল্কস্টেশনের মতো চলছে। স্থলবন্দর দিয়ে মূলত স্থলপথের আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ভারতের সঙ্গেই প্রায় শতভাগ বাণিজ্য হয়ে থাকে। মিয়ানমারের সঙ্গে হয় ১ শতাংশের কম।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিশেষ করে ভারতের সঙ্গে বাণিজ্য সহজ করতে ২০০১ সালে স্থলবন্দর কর্তৃপক্ষ গঠিত হয়। এরপর প্রতিবছরই ধারাবাহিকভাবে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির মোট পরিমাণ বেড়েছে। সদ্য বিদায়ী অর্থবছরেই প্রথমবারের মতো সামগ্রিকভাবে এ বাণিজ্য কমেছে। স্থলপথে যত বাণিজ্য হয়, এর প্রায় ৮৫ শতাংশই আমদানি হয়। ভারত থেকে আমদানি কমে যাওয়ার কারণে সার্বিক বাণিজ্যে প্রভাব পড়েছে। গত অর্থবছরে কমলেও গত সাত বছরে স্থলবন্দরগুলো দিয়ে বাণিজ্যের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরে এসব বন্দর দিয়ে সাড়ে ২৮ লাখ টনের মতো পণ্য আসা-যাওয়া করেছে। এখন তা বেড়ে ৮৫ লাখ টন হয়েছে।
আমদানি-রপ্তানির চিত্র: বেনাপোল, ভোমরা ও সোনামসজিদ—এ তিনটি বন্দর দিয়ে স্থলপথের সিংহভাগ বাণিজ্য হয়। ভোমরা স্থলবন্দর দিয়ে গত অর্থবছরে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে। পণ্যের পরিমাণ ১৯ লাখ টনের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। এ বন্দর দিয়ে সারা বছরে ১৭ লাখ ৬৪ হাজার টন পণ্য আসা-যাওয়া করেছে। আর সোনামসজিদ স্থলবন্দরে পণ্যের পরিমাণ ১৬ লাখ ৮৮ হাজার টন।
দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর আখাউড়া দিয়েও রপ্তানি কমেছে। এ বন্দর দিয়ে গত অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার টন পণ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় গেছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৬ লাখ ৩৫ হাজার টন।
এদিকে একমাত্র টেকনাফ স্থলবন্দর দিয়েই মিয়ানমারের সঙ্গে স্থলপথে বাণিজ্য হয়। গত অর্থবছরে এ বন্দর দিয়ে ৭৬ হাজার ৬৬৪ টন পণ্য আসা-যাওয়া করেছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার টন কম।