প্রথমবারের মতো গ্রিন এটিএম বুথ চালু করেছে ব্যাংক আলফালাহ
সোলার এনার্জি ব্যবহার করে প্রথমবারের মতো গ্রিন এটিএম বুথ চালু করেছে ব্যাংক আলফালাহ। এ ছাড়া ‘ভিসা ডেবিট কার্ড’ নামে নতুন একটি কার্ড চালু করেছে ব্যাংকটি। এই কার্ড ব্যবহার করে অমনিবাসের আওতাভুক্ত দুই হাজার এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। ব্যাংক থেকে এসএমএসের মাধ্যমে ওই কার্ড ব্যবহারকারীদের নিয়মিত ঋণের তথ্যও জানানো হবে।আজ শনিবার রাজধানীর গুলশানে ব্যাংক আলফালাহর প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় ব্যাংক আলফালাহর কান্ট্রি প্রধান এস এ এ মাসরুর, কান্ট্রি অপারেশন প্রধান সাহাব খাটাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, ‘ব্যাংকগুলোকে গ্রিন ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসার জন্য কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তারই এক ধাপ পার করল ব্যাংক আলফালাহ। গ্রিন ব্যাংকিংয়ের আওতায় সোলার এনার্জি ব্যবহার করে এটিএম বুথ চালুর উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’ অন্যান্য ব্যাংকও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া ব্যাংকটির ভিসা ডেবিট কার্ড ব্যবহারকারীরা এর মাধ্যমে উপকৃত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।