প্রথমবারের মতো ট্যাক্স কার্ড পাবেন সর্বোচ্চ করদাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরে পাঁচ লাখ নতুন করদাতাকে করজালের আওতায় আনা হবে। সৎ করদাতাদের জন্য থাকবে নানামুখী প্রণোদনা, যার মধ্যে প্রথমবারের মতো থাকবে ট্যাক্স কার্ড। আর কর ফাঁকিবাজদের জন্য থাকবে শাস্তির ব্যবস্থা। রাজধানী ঢাকার মতো বন্দরনগর চট্টগ্রামেও চালু করা হবে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এক বছরের মধ্যে অন্তত রাজধানীর আয়কর অফিসগুলো স্বয়ংক্রিয় করা হবে। কম আয়ের নতুন করদাতাদের জন্য প্রবর্তন করা হবে দুই পৃষ্ঠার সহজ আয়কর বিবরণী ফরম। নতুন করদাতা শনাক্তকরণের যে জরিপটি বর্তমানে চলমান, সেটিকে আরও সম্প্রসারণ করা হবে।বাজেট বক্তব্যে সৎ করদাতাদের উত্সাহিত করতে সীমিত সংখ্যক সর্বোচ্চ করদাতাকে ‘ট্যাক্স কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এ করদাতাদের। হাসপাতাল, বিমান বা যেকোনো গণপরিবহনে ভ্রমণের ক্ষেত্রে তাঁদের ভিআইপি মর্যাদা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভবিষ্যতে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট তথ্যভান্ডারের সঙ্গে ই-সংযোগের মাধ্যমে তথ্য যাচাইয়ের পদ্ধতি চালু করা হবে। বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ নিতে গেলেই লাগবে টিআইএন। এ ছাড়া ভাড়ায় ব্যবহূত বাস, ট্রাকের নিবন্ধন ও ফিটনেস নবায়ন করতে গেলেও টিআইএন থাকতে হবে। করজালের আওতা বাড়ানোর অংশ হিসেবেই বর্তমানে যাঁরা কর অব্যাহতির সুযোগ পাচ্ছেন, তা কমিয়ে আনা হবে। আগামী অর্থবছরের শুরু থেকেই সীমিত হারে হলেও করারোপ করা হবে তাঁদের ওপর। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেছেন, ‘যাঁরা স্বেচ্ছায় কর দিতে চান, তাঁদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। তবে যাঁরা কর দিতে চান না, তাঁদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা নেওয়া হবে আগামী বছর।’