প্রথমবারের মতো ব্যাংক খাতের সহনক্ষমতা বিশ্লেষণ
বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকটকালীন সহনক্ষমতা পরীক্ষা বা স্ট্রেস টেস্টিং সম্পন্ন করেছে। ২০০৯ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর পাঠানো সাময়িক ও অনিরীক্ষিত তথ্য-উপাত্ত দিয়ে এই পরীক্ষা করা হয়েছে।স্ট্রেস টেস্টিং করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে স্পর্শকাতরতা (সেনসিটিভিটি) ও অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা (সিনারিও এনালাইসিস) করেছে। কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ছয় মাসভিত্তিতে ব্যাংকগুলোর সম্মিলিত ও এককভাবে স্ট্রেস টেস্টিং করবে। ক্যামেল রেটিংয়ের (সিএএমইএল) পাশাপাশি কোনো ব্যাংকের সম্পদ ও দায়গুলো পরিবর্তিত পরিস্থিতিতে কী দাঁড়াবে—তার বিশ্লেষণে এই একাধিক পদ্ধতি চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নতুন এসব পদ্ধতি চালু করতে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ব্যাংকগুলোকেও এসব পদ্ধতির বিষয়ে উত্সাহিত করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইউরোপসহ উন্নত দেশগুলোর নামীদামি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়া বা প্রায় দেউলিয়ার অবস্থার ফলে বিশ্ব অর্থনীতির বড় ধরনের মন্দা দেখা দেয়। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো সেসব ঝুঁকির মধ্যে পড়েনি। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঝুঁকি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেখা না দেয়, তার জন্যই বাংলাদেশ ব্যাংক এসব পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকগুলো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার মধ্যেও ভালো করেছে। এটা ভালো দিক। তবে ভবিষ্যতে আরও ভালো মান ধরে রাখতে দূরবর্তী সতর্কতা হিসেবে আমরা উন্নত দেশগুলোর মতো নতুন এসব পদ্ধতি নিয়েছি।’ডেপুপি গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক চায় সর্বাধুনিক সব ব্যবস্থা ও পদ্ধতি প্রয়োগ করে দেশের ব্যাংকসহ আর্থিক খাতের আগাম পর্যালোচনা ও বিশ্লেষণ করে আগেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।উল্লেখ্য, বর্তমানে ব্যাংকের মানসংক্রান্ত ক্যামেল রেটিং (সিএএমইএল) ব্যবস্থার চেয়ে আরও বেশি কার্যকর ও প্রাক-পদক্ষেপ হিসেবে স্ট্রেস টেস্টিং, সিনারিও এনালাইসিস ও সিম্যুলেশন এক্সারসাইজকে বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংক এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংকের ঋণ ও আমানত, প্রতিষ্ঠানের মান, লেনদেন ব্যবস্থা ও পদ্ধতির বিশ্লেষণ ও পর্যালোচনা করতে চায়।স্ট্রেস টেস্টিং প্রক্রিয়ায় আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ ও দায়সমূহের ওপর ভিন্ন ভিন্ন পরিস্থিতির প্রভাবকে আগাম বিশ্লেষণ করা হয়। বিভিন্ন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সহনশীল ক্ষমতাকেও পর্যালোচনা করা হয়।সিনারিও এনালাইসিস পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময় পর পোর্টফোলিওর আর্থিক মূল্যমান, সুনির্দিষ্ট কিছু পরিবর্তনের পর সিকিউরিটিজের মূল্যমান সম্পর্কে অনুমান ও কোন কোন কারণে সিকিউরিটিজের ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে তার পর্যালোচনা করা হয়।আর সিম্যুলেশন এক্সারসাইজ পদ্ধতিতে একটি ঘটনা ঘটেনি, কিন্তু মডেলের মাধ্যমে ঘটনাকে তৈরি করে সেই পরিস্থিতিতে কী করণীয়, তা ঠিক করা হয়।বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতের ২০০৯ সালের জুন পর্যন্ত তথ্য-উপাত্ত থেকে প্রথমবাবের মতো স্ট্রেস টেস্টিংয়ে চরম কিন্তু সম্ভাব্য অভিঘাতগুলো বিবেচনায় নিয়েছে। ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি ও তারল্য ঝুঁকি নিয়ে স্পর্শকাতরতা বিশ্লেষণ করা হয়েছে এতে। স্টেট ব্যাংক অব পাকিস্তান ও আইএমএফ মিশনের সহায়তায় স্ট্রেস টেস্টিংয়ের ধারণাগুলো তৈরি করা হয়েছে। পরীক্ষাগুলো করা হয়েছে সবগুলো ব্যাংকের অবস্থা ও বিভিন্ন খাতভিত্তিক ব্যাংকগুলোর ওপর।ঋণঝুঁকি: কেন্দ্রীয় ব্যাংকের পরীক্ষা বা বিশ্লেষণে দেখা যায়, নিম্নমান ও সন্দেহজনক পর্যায়ের ৫০ শতাংশ ঋণ যদি কোনো কারণে মন্দ বা খারাপ মানের ঋণে পরিণত হয়, তাহলে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বা হারে কোনো পরিবর্তন হবে না। তবে ঋণের শ্রেণীকরণে এই পরিবর্তনের কারণে ব্যাংক খাতে অতিরিক্ত ৪৫০ কোটি ৫১ লাখ টাকার প্রভিশন (ঋণের নিরাপত্তা সঞ্চিতি) দরকার পড়বে।ব্যাংক খাতে ২০০৯ সালের জুন হিসাবে মোট খেলাপি ঋণ ২২ হাজার ৯৭৩ কোটি ৮৩ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৫০ শতাংশ খেলাপি ধরে এই হিসাব করা হয়েছে।পরিবর্তিত এই পরিস্থিতিতে ব্যাংকগুলোর মূলধন-পর্যাপ্ততার অনুপাত (সিএআর) বর্তমান ১১ দশমিক ৬৮ থেকে কমে ১১ দশমিক ৪৯ শতাংশ হবে। অবশ্য প্রয়োজনীয় মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা ১০ শতাংশ হওয়ায় তা ঝুঁকির বাইরেই থাকবে। তবে একটি বেসরকারি ব্যাংকে সিএআর নিচে নেমে যাবে।কিন্তু যদি ৫ শতাংশ হারে ভালো মানের ঋণ সরাসরি খারাপ পর্যায়ে চলে যায় তাহলে খেলাপি ঋণের সামগ্রিক হার ১০ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৯৮ শতাংশে উন্নীত হবে। খেলাপি ঋণের এই বৃদ্ধি হলে ব্যাংক খাতে অতিরিক্ত সাত হাজার ৮৩০ কোটি ২৩ লাখ টাকার প্রভিশন দরকার হবে। আর এই আঘাত সামাল দিতে যে মূলধন প্রয়োজন, তা ব্যাংক খাতে বর্তমানে নেই। বর্তমানে সংরক্ষিত ১১ দশমিক ৬৮ শতাংশ সিএআর নেমে আসবে ৮ দশমিক ৩১ শতাংশে। সহনক্ষমতার পরীক্ষায় এই পর্যায়কে চরম বলে ধরা হচ্ছে। এতে সুনির্দিষ্টভাবে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত, ২০টি বেসরকারি ও দুটি বিদেশি ব্যাংকের সিএআর ১০ শতাংশের নিচে নেমে আসবে।উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিকভাবে ন্যূনতম সিএআর ১০ শতাংশ নির্ধারণ করা রয়েছে।বাজার ঝুঁকি: বাজার ঝুঁকির সহনক্ষমতা বিশ্লেষণে তিন ধরনের পরীক্ষা করা হয়েছে। এগুলো হলো সুদের হার, শেয়ারের দাম ও বিনিময় হার। সুদের হার সমান্তরালভাবে বৃদ্ধি, শেয়ারের মূল্য পতন এবং বিনিময় হারের ক্ষেত্রে টাকার মূল্যমান পতনকে বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক সহনক্ষমতা বিশ্লেষণ করেছে।(ক) সুদের হার: সহনক্ষমতা পরীক্ষায় ঋণের সুদের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ দশমিক ৭৭ শতাংশ ধরা হয়েছে। তা এক বছর ধরে চলতে থাকলে ব্যাংক খাতে ১৫৩ কোটি ৪৮ লাখ টাকার ক্ষতি হবে বলে বলা হচ্ছে। সাধারণভাবে ব্যাংকগুলো স্বল্প মেয়াদের আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ দেয়। সুদের হার বৃদ্ধির কারণে স্বল্পমেয়াদি এই তহবিলের সঙ্গে মুনাফার অসংগতি দেখা দিতে পারে বলে পরীক্ষায় উঠে এসেছে।তবে সামগ্রিকভাবে ব্যাংক খাতে বর্তমান সংরক্ষিত মূলধন এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেয়ে বেশি ক্ষমতা রাখে। কেননা ক্ষতি সামাল দেওয়ার পরও ব্যাংক খাতে সার্বিক সিএআর ১০ শতাংশের বেশিই থাকবে।(খ) শেয়ার দর: তবে যদি বর্তমান মূল্য থেকে ৫০ শতাংশ শেয়ারের দরপতন হয়, ব্যাংকগুলোর ক্ষতি হবে এক হাজার ৭২৫ কোটি ৪৬ লাখ টাকা। অবশ্য দেশের সব ব্যাংক বা সামগ্রিকভাবে ব্যাংক খাত এতে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ বর্তমান ১০ শতাংশের বেশি সংরক্ষিত মূলধন দিয়ে এই ধাক্কা সামাল দেওয়া যাবে।কিন্তু সাতটি বেসরকারি ব্যাংকের সংরক্ষিত মূলধন ১০ শতাংশের নিচে নেমে আসবে। কারণ শেয়ারবাজারে এসব ব্যাংকের বড় ধরনের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। একটি বিদেশি ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে তাদের দুর্বল মূলধন সংরক্ষণের কারণে। বাকি বিদেশি ব্যাংকগুলোর শক্তিশালী মূলধনভিত্তির কারণে কোনো বিপদের শঙ্কা নেই। আবার তাদের শেয়ারবাজারে আর্থিক সংশ্লিষ্টতা কম এবং তাদের বিভিন্ন খাতে অর্থ সুষ্ঠুভাবে বিনিয়োগ করা আছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো শেয়ারবাজারের পতনে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তাদের বাজারে আর্থিক সংশ্লিষ্টতা সামান্য।(গ) বিনিময় হার: বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য বিনিময় হার তেমন কোনো বড় ঝুঁকি বহন করে না। কারণ বৈদেশিক লেনদেনে দেশের ব্যাংকগুলো নেট অবস্থা নিয়ে প্রাত্যহিক লেনদেন শুরু করে এবং এই লেনদেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রয়োজনীয় মূলধনের তুলনায় নেট অবস্থানের হার অনেক কম।বিশ্লেষণে কেন্দ্রীয় ব্যাংক দেখেছে, বৈদেশিক বিভিন্ন মুদ্রার তুলনায় টাকার মূল্যমান পড়ে গেলে ব্যাংকগুলো বরং আরও বেশি লাভবান হবে। তাতে তাদের ন্যূনতম মূলধন সংরক্ষণের বর্তমান হার ১১ দশমিক ৬৮ থেকে বেড়ে ১১ দশমিক ৮৫ শতাংশে উন্নীত হবে। পরিস্থিতি বিশ্লেষণ: দেশে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হলে তাতে সরাসরি রপ্তানি খাত, শিল্প, বাণিজ্য, ব্যবসা ও গৃহায়ণ খাত ক্ষতিগ্রস্ত হবে। এ পরিস্থিতি হলে ব্যাংকের ঋণ বা সম্পদের মান দ্রুততার সঙ্গে খারাপ হবে।এর সঙ্গে মুদ্রাবাজারে সুদের হার বাড়লে, শেয়ারের দাম পড়ে গেলে এবং বিনিময় হারে পতন হলে তা ব্যাংকের মূলধন ভিত্তিতে আঘাত হানবে।ব্যাংকের সংকটকালীন সহনক্ষমতা পরীক্ষায় বলা হচ্ছে, অর্থনৈতিক মন্দা হলে ব্যাংকের খেলাপি ঋণে এর নেতিবাচক প্রভাব পড়বে। ৫ শতাংশ ভালো ঋণ মন্দ পর্যায়ে খেলাপি হতে পারে, সুদের হার ২ শতাংশ বৃদ্ধি, ৫০ শতাংশ শেয়ারের মূল্যপতন হতে পারে এবং বিনিময় হারের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত টাকার মূল্যমান পড়ে যেতে পারে। সে ক্ষেত্রে ব্যাংক খাতে নয় হাজার ২৯১ কোটি ১৮ লাখ টাকার অতিরিক্ত প্রভিশন করতে হতে পারে।এতে ২৭টি ব্যাংকের (দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন, একটি বিশেষায়িত, ২২টি বেসরকারি ও দুটি বিদেশি ব্যাংক) সিএআর বিধিবদ্ধ প্রয়োজনের নিচে চলে যাবে। বাকি ২১টি ব্যাংকে শক্তিশালী মূলধনভিত্তি থাকায় এবং তাদের তহবিল বিভিন্ন খাতে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করায় সহনশীল পর্যায়ে থাকবে।তারল্য পরিস্থিতি: ব্যাংক খাতের তারল্য পরিস্থিতি ভালো রয়েছে। নগদ সম্পদ ও নগদ দায়ের অনুপাতের হার বর্তমানে ২৮ দশমিক ২৭ শতাংশ, যা মোটা অঙ্কের এবং স্বস্তিদায়ক। এই নগদ সম্পদ খাটানো আছে সরকারের নিরাপদ সিকিউরিটিজ বা কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত আছে।এ রকম পরিস্থিতিতে ব্যাংক থেকে আমানতকারীরা যদি ২, ৩, ৪, ৫ এবং ৬ শতাংশ হারে ধারাবাহিক পাঁচ দিন ধরে টাকা তুলে নেয়, তাহলে কী পরিস্থিতি হবে সে বিবেচনা করা হয়েছে সহনক্ষমতা পরীক্ষায়।এতে দেখা যায়, ৪১টি ব্যাংকের (চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, তিনটি বিশেষায়িত ব্যাংক, ২৫টি বেসরকারি ব্যাংক ও সবগুলো বিদেশি ব্যাংক) এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। বাকি সাতটি ব্যাংক (দুটি বিশেষায়িত ও পাঁচটি বেসরকারি ব্যাংক) তিন দিন পর্যন্ত কোনো ধরনের তারল্য সংকটে পড়বে না। চতুর্থ দিনে দুটি ব্যাংক সংকটে পড়বে আর পঞ্চম দিনে সাতটির সব কয়টি ব্যাংক তারল্য সংকটে পড়বে।এই আঘাতের পর নগদ সম্পদ ও নগদ দায়ের অনুপাতের হার ২৮ দশমিক ২৭ শতাংশ থেকে নেমে ৯ দশমিক ৭৩ শতাংশে চলে আসবে। ফলে ব্যাংক খাতে নগদ অর্থের সংকট তৈরি হবে।