প্রথমবারের মতো রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কাস্টমস বন্ড কমিশনারেটের আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরুর আট বছর পরে এটি প্রথমবারের মতো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ২০০১ সালের মার্চে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়।জানা গেছে, সদ্য সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে কাস্টমস বন্ড কমিশনারেটের চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৮৩ কোটি ৭৭ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে চার কোটি ৭৭ লাখ টাকা বেশি। এর আগে ২০০২-০৩ থেকে ২০০৮-০৯ পর্যন্ত সাত অর্থবছরে একবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কাস্টমস বন্ড কমিশনারেট। বন্ড কমিশনারেটের কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরের শেষ ছয় মাসে (জানুয়ারি-জুন) সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এ সময়ে ১২৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৮১ কোটি টাকা। বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ করে নিবিড় তদারকির কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ ছাড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বকেয়া রাজস্ব আদায়েও অগ্রগতি হয়েছে।