প্রথমার্ধে খাদ্যশস্য আমদানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে দেশে খাদ্যশস্য আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। তবে একই সময়ে বেড়েছে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য সময়ে (জুলাই-ডিসেম্বর, ২০১১) দেশে খাদ্যশস্য আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে ৫২ কোটি ৪৫ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ৭৬ কোটি ডলার।অর্থাৎ এই সময়কালে খাদ্যশস্য আমদানি বাবদ ব্যয় কমে গেছে প্রায় ৩১ শতাংশ। মূলত গম আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় মোট আমদানি কমে গেছে। আবার এই সময়ে চাল আমদানি কমেছে আট শতাংশ। চাল ও গমকে খাদ্যশস্যে শ্রেণীভুক্ত করা হয়েছে।মূলত চাল ও গমের অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ার প্রভাবেই খাদ্যশস্য আমদানির ব্যয় কমেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথমার্ধে বিভিন্ন ধরনের খাদ্যজাত ভোগ্যপণ্য আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে যেখানে ভোগ্যপণ্য আমদানির জন্য ব্যয় হয়েছিল প্রায় ১২০ কোটি ডলার, সেখানে চলতি অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬৮ কোটি ডলার।ভোগপণ্য আমদানি ব্যয়ের অর্ধেকটাই অবশ্য গেছে ভোজ্যতেল আমদানিতে। আলোচ্য সময়কালে ভোজ্যতেল আমদানি বাবদ ব্যয় হয়েছে ৭৭ কোটি ৪৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি।আবার এই সময়কালে চিনি আমদানি বাবদ ব্যয় করতে হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি।এ ছাড়া এই সময়কালে গুঁড়ো দুধ, মসলা ও তেলবীজ আমদানি বেড়ে যাওয়ায় এ-সংক্রান্ত ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রধান ভোগ্যপণ্যগুলোর মধ্যে একমাত্র ডালের আমদানি এই সময়কালে কিছুটা কমেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে যেখানে বিভিন্ন ধরনের ডাল আমদানি বাবদ ১৬ কোটি ৫৭ লাখ ডলার ব্যয় হয়েছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১২ কোটি ৬১ লাখ ডলার ব্যয় হয়েছে। ফলে আমদানিজনিত ব্যয় কমেছে প্রায় ২৪ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে আলোচ্য সময়কালে শিল্প উৎপাদনের ব্যবহার্য বিভিন্ন ধরনের মধ্যবর্তী পণ্য আমদানির জন্য ব্যয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ। মধ্যবর্তী পণ্য আমদানিজনিত মোট ব্যয় দাঁড়িয়েছে ৯৩৫ কোটি ৩৫ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৭৯৫ কোটি ৪০ লাখ ডলার।একই সময়ে মূলধনি পণ্য আমদানির ব্যয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ। গত অর্থবছরের প্রথমার্ধে যেখানে এই ব্যয় ছিল ৩০৩ কোটি ৪৮ লাখ ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৮১ কোটি ১৭ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৭৮১ কোটি ৭৪ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে আমদানিজনিত ব্যয় দাঁড়িয়েছিল এক হাজার ৫২৪ কোটি ডলার।অবশ্য আমদানি ব্যয়ের এই পরিসংখ্যানটি সিঅ্যান্ডএফভিত্তিক। অর্থাৎ এর মধ্যে বিমা, জাহাজীকরণ ও পণ্য খালাসজনিত বিভিন্ন ব্যয় যুক্ত আছে।লেনদেনের ভারসাম্য সারণিতে অর্থবছরের প্রথমার্ধে আমদানির এফওবিভিত্তিক পরিসংখ্যান দেওয়া হয়েছে। তাতে দেখা যায়, ছয় মাসে আমদানি ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৬০৫ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৮১ শতাংশ।