প্রথমার্ধে গ্রামীণফোনের আয় বেড়েছে ৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে চার হাজার ৬৪০ কোটি টাকা, যা ২০১১ সালের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। আবার ২০১২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মোট রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৩২০ কোটি টাকা, যা ২০১১ সালের একই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি।এ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে ইয়ানসেন বলেন, গ্রাহক ও রাজস্ব বৃদ্ধির মাধ্যমে গ্রামীণফোন বছরের প্রথমার্ধে চমৎকার ব্যবসায়িক সাফল্য প্রদর্শন করেছে। আয়কর প্রদানের পর ২০১২ সালের জানুয়ারি-জুন সময়কালে নিট মুনাফা হয়েছে ৯৭০ কোটি (২১ শতাংশ মার্জিনসহ)। আর ২০১১ সালের একই সময়ে নিট মুনাফা ছিল ৬৮০ কোটি টাকা। ২০১২ সালের প্রথমার্ধে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে সাত টাকা ১৬ পয়সা, যা ২০১১ সালের একই সময় ছিল পাঁচ টাকা এক পয়সা। নেটওয়ার্কের আধুনিকায়ন এবং কার্যকারিতা বৃদ্ধিতে গ্রামীণফোন ২০১২ সালের প্রথমার্ধে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর ফলে কার্যক্রম শুরুর পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ কোটি টাকা। দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক করদাতা গ্রামীণফোন ২০১২ সালের প্রথমার্ধে রাষ্ট্রীয় কোষাগারে দুই হাজার ৭৯০ কোটি টাকা জমা দিয়েছে।গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০১২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের অন্তর্বর্তী নিট মুনাফা এবং ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত সংরক্ষিত আয়ের ওপর ভিত্তি করে পরিশোধিত মূলধনের ৯০ শতাংশ (প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নয় টাকা) অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশের রেকর্ড ডেট ৩১ জুলাই ২০১২। বিজ্ঞপ্তি।