প্রথমার্ধে চলতি হিসাবের ভারসাম্যে বড় উদ্বৃত্ত
দেশে চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথমার্ধে চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, এ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ২৬৫ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৮ কোটি ডলার।
এই সময়কালে প্রবাসী আয়ের প্রবাহ কমে গেলেও চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় থাকায় লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কিছুটা কমেছে বলে প্রতীয়মান হয়।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
মূলত আমদানি ব্যয় কমে যাওয়ায় ও রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি বজায় থাকায় বাণিজ্য ঘাটতি কিছুটা কমে গেছে, যার প্রভাব পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে।