প্রথমার্ধে জোরালো শিল্পোৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা টানাপোড়েন সত্ত্বেও অর্থবছরের প্রথমার্ধে দেশের শিল্প খাতের কর্মকাণ্ড বেশ জোরদার হয়েছে, গতিময়তাও বেড়েছে। তবে হরতাল-সহিংসতাসহ রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে এসে এই পরিস্থিতি বজায় থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাঝারি ও বৃহৎ শিল্প, খনিজ শিল্প এবং বিদ্যুৎ খাতের পরিমাণ সূচক (যা কোয়ান্টাম সূচক নামে পরিচিত) থেকে এই চিত্র পাওয়া গেছে। যদিও চলতি ২০১২-১৩ অর্থবছরের নয় মাস অতিক্রান্ত হওয়ার পর প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) হালনাগাদ পরিসংখ্যান পাওয়া গেছে।বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রস্তুতশিল্পের (ম্যানুফ্যাকচারিং) উৎপাদন বেড়েছে। যদিও চলতি অর্থবছরের প্রথম থেকেই এই শিল্প খাতের উৎপাদন আগের মাসের চেয়ে কমে যাচ্ছিল। জুলাই মাসে যেখানে প্রস্তুতশিল্পের উৎপাদন সূচক ছিল ৬১০ দশমিক ৩৬ পয়েন্ট, সেখানে নভেম্বর মাসে তা নেমে আসে ৫৬৯ দশমিক ৭৭ পয়েন্টে। তবে ডিসেম্বর মাসে তা ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়ে ৬৮১ দশমিক ৪৩ পয়েন্টে উন্নীত হয়েছে। এর ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রস্তুতশিল্পের উৎপাদন সূচক দাঁড়িয়েছে ৫৯৯ দশমিক ৫৭ পয়েন্ট। গত অর্থবছরের একই সময়ে এই সূচক ছিল ৫৪১ দশমিক ৩০ পয়েন্ট।প্রস্তুতশিল্পের গতি-প্রকৃতি হিসাব করা হয় বাছাইকৃত কিছু রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালিয়ে। যেসব শিল্পের উৎপাদন বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে আছে পাট, বস্ত্র, তৈরি পোশাক, কাগজ, সার, লৌহ ও ইস্পাত, সিমেন্ট, ওষুধ, চা, লবণ ও ভোজ্যতেল।পরিসংখ্যান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে মাঝখানে বিদ্যুৎ খাতের পরিস্থিতির যতটুকু অগ্রগতি হয়েছিল, তা আবার শ্লথ হয়ে গেছে। অবশ্য গত অর্থবছরের তুলনায় বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির অগ্রগতি হয়েছে। ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে যেখানে বিদ্যুৎ উৎপাদনের কোয়ান্টাম সূচক ছিল ৪৮৬ দশমিক ২০ পয়েন্ট, সেখানে চলতি অর্থবছরের প্রথমার্ধে তা দাঁড়িয়েছে ৪৯৪ দশমিক ৩৬ পয়েন্ট। আবার এই সময়কালে খনিজ শিল্পের উৎপাদন পরিস্থিতি তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী ছিল। জুলাই মাসে ৫০০ পয়েন্ট থেকে আরম্ভ করে সামান্য ওঠা-নামার মধ্য দিয়ে নভেম্বর মাসে তা ৫১২ দশমিক ১৩ পয়েন্টে উন্নীত হয়েছে। আর ডিসেম্বর মাসে এই সূচক উঠে আসে ৫১৭ দশমিক ৮১ পয়েন্টে।বিবিএসের পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, গত অর্থবছরের প্রথমার্ধে খনিজ শিল্পের উৎপাদন সূচক ছিল ৪৫৬ দশমিক ১১ পয়েন্ট, যা চলতি অর্থবছরের প্রথমার্ধে হয়েছে ৫০৮ দশমিক ৭৬ পয়েন্ট। উল্লেখ্য, অর্থবছরের প্রথমার্ধের উৎপাদন সূচক ছয় মাসের গড় হিসেবে নির্ণীত। তবে শিল্প উৎপাদনের পরিমাণ সূচক হালনাগাদ করার উদ্যোগ চূড়ান্ত করেছে বিবিএস। এই সূচক নির্ধারণের জন্য নতুন ভিত্তিবছর হিসেবে ২০০৫-০৬ অর্থবছরকে গ্রহণ করা হয়েছে।