প্রথমার্ধে বাণিজ্য-ঘাটতি বেড়েছে ২৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৪ কোটি ৭০ লাখ ডলার।আর গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ২৭৫ কোটি ৩০ লাখ ডলার।রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অধিক হারে বাড়ায় বাণিজ্য-ঘাটতিও বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে।শুধু পণ্য বাণিজ্যেই নয়, সেবা খাতের বাণিজ্যেও ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে।কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১১৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৮০ কোটি ৯০ লাখ ডলার।এতে দেখা যায়, আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্য বাবদ বাংলাদেশের প্রাপ্তি হয়েছে ১২৯ কোটি ডলার। একই সময় এই খাতের বাণিজ্য বাবদ ২৪৬ কোটি ৮০ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হয়েছে।বাণিজ্য-ঘাটতি বেড়ে যাওয়ার পাশাপাশি প্রবাসী-আয়ের প্রবাহ শ্লথ হয়ে পড়েছে এই সময়কালে। এ দুয়ের সমন্বিত প্রভাব পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, অর্থবছরের প্রথমার্ধে চলতি হিসাবের ভারসাম্যে ৫৯ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আর ২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ১৫৬ কোটি ২০ লাখ ডলার।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।সাম্প্রতিক সময়ে এসে বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কোনো কোনো মাসে এই ভারসাম্যে ঘাটতির অবস্থাও দেখা দিচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, আলোচ্য সময়কালে আর্থিক হিসাবের ভারসাম্যেও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।গত ২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে যেখানে আর্থিক হিসাবে ৭৬ কোটি ৩০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথমার্ধে ৯৭ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে।মূলত বিদেশি ঋণ প্রাপ্তির চেয়ে আগের বিভিন্ন মেয়াদি ঋণ পরিশোধের পরিমাণ বেশি হওয়ায় আর্থিক হিসাবের ভারসাম্যে ঘাটতি হয়েছে।এই সময়কালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪০ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়কালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৪ কোটি ২০ লাখ ডলার।চলতি হিসাব ও আর্থিক হিসাব—উভয় হিসাবের ঘাটতির যুগপৎ প্রভাব পড়েছে লেনদেনের সামগ্রিক ভারসাম্যের ওপর।চলতি অর্থবছরের প্রথমার্ধে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি দাঁড়িয়েছে। আর গত অর্থবছরের একই সময়কালে ২০৯ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।যোগাযোগ করা হলে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘লেনদেনের ভারসাম্যের বর্তমান চিত্র থেকে এটা স্পষ্ট যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমদানি-ব্যয় ও রপ্তানি-আয় দুই-ই বেড়েছে। তবে একদিকে দেশের ভেতর চাহিদা, অন্য দিকে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাবে আমদানি-ব্যয় বাড়ছে।তিনি আরও বলেন, বিশেষত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এর আমদানি-ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। আর জ্বালানি তেলের দাম বাড়ার একটি নেতিবাচক প্রভাব আগামী দিনে অর্থনীতিতে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।মোস্তাফিজুর রহমান আরও বলেন, রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহ অনেক কমে গেছে। প্রবৃদ্ধি বলতে গেলে থমকে দাঁড়িয়েছে। এটাও লেনদেনের ভারসাম্যের ওপর চাপ তৈরি করেছে।বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি-ব্যয় মেটানো সম্ভব উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, আমদানি-ব্যয়ের এই প্রবণতা বজায় থাকলে স্বাভাবিকভাবেই তা আগামী দিনে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ইতিমধ্যে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি আমদানিজনিত মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।লেনদেনের ভারসাম্যের চাপ কমানোর জন্য মোস্তাফিজুর রহমান রপ্তানি-আয়ের বর্তমান গতিময়তা ধরে রাখা ও তা বাড়ানো এবং প্রবাসী-আয়ের প্রবৃদ্ধি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পের উৎ পাদন ধরে রাখতে ও বাড়াতে আগামী দিনে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করা জরুরি। আসন্ন বোরো মৌসুমে গ্রামাঞ্চলে ৮০০ থেকে এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কাজেই ওই সময় শিল্পখাত যেন বঞ্চিত না হয়, সেদিকে এখনই মনোযোগ দিতে হবে।অন্য দিকে প্রবাসী-আয়কে প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে মোস্তাফিজুর রহমান জনশক্তি রপ্তানির নতুন বাজার অনুসন্ধান ও সম্ভাবনাময় পুরোনো বাজারগুলোতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন। তিনি বলেন, সৌদি আরব ও মালয়েশিয়ার বাজারে জনশক্তি রপ্তানি বাড়ানোর জন্য সরকারকে সব রকম চেষ্টা চালাতে হবে। ইতিমধ্যেই মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের অংশ নেপালের কাছে চলে যাচ্ছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসী-আয় আগের বছরের একই সময়ের চেয়ে মাত্র দশমিক ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে প্রবাসী-আয়ের মোট প্রবাহ দাঁড়িয়েছে ৬৫১ কোটি ডলার, যেখানে ২০০৯-১০ অর্থবছরের একই সময় এর পরিমাণ ছিল ৬৪৮ কোটি ৫৬ লাখ ডলার।