প্রথমার্ধে বিক্রি বেড়েছে ফক্সওয়াগনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বিক্রি বেড়েছে। এই সময়ে প্রতিষ্ঠানটির গাড়ি সরবরাহ বেড়েছে প্রায় ৬ শতাংশ। মূলত প্রথমার্ধে ইউরোপ ও চীনে তাদের গাড়ির চাহিদা বেশি ছিল। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে গাড়িটির প্রতিষ্ঠান।

ফক্সওয়াগন গ্রুপ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ৪৯ লাখ ৭০ হাজার গাড়ি বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়েছে, যা ২০১৩ সালের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯০ শতাংশ বেশি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে এ তথ্য জানা যায়।

গাড়ির প্রতিষ্ঠান জানায়, প্রথমার্ধে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড ২০ লাখ গাড়ি বিক্রি হয়েছে ফক্সওয়াগনের। বিশেষ করে চীনে সবচেয়ে বড় বাজার রয়েছে বিলাসবহুল এই গাড়ির। এ সময় কেবল চীনে ১৮ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে, যা বছর ভিত্তিক হিসেবে ১৭ দশমিক ৫০ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটি জানায়, অর্থবছরের প্রথম ছয় মাসে ইউরোপে ১৯ লাখ ৯০ হাজার গাড়ি সরবরাহ করা হয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৭০ হাজার গাড়ি। নতুন এই গাড়ির মধ্যে ১০ লাখ পাঁচ হাজার ইউনিট পশ্চিম ইউরোপে বিক্রি হয়েছে। জার্মানির স্থানীয় বাজারে ছয় লাখ ১৩ হাজার ২০০টি গাড়ি সরবরাহ করেছে বিখ্যাত গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠান।

তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ফক্সওয়াগন গাড়ি বিক্রি কমেছে। প্রথমার্ধে উত্তর আমেরিকায় প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি কমেছে ৩ শতাংশ এবং দক্ষিণ আমেরিকায় কমেছে ২২ দশমিক ১০ শতাংশ।
ফক্সওয়াগনের বিক্রয় প্রধান ক্রিশ্চিয়ান ক্লিংলার বলেন, ‘প্রথমার্ধে ফক্সওয়াগন গ্রুপ আশানুরূপ উন্নতি করেছে। যদিও এই সময়ে বাজারের অবস্থা ভালো ছিল না।’