প্রথমার্ধে সার্ক দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৩৭ কোটি ডলার
সার্কভুক্ত দেশগুলোয় চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৩১ কোটি ৩৭ লাখ ডলার। এর বিপরীতে এসব দেশ থেকে আমদানি করা হয়েছে ২৬৮ কোটি ৯৪ লাখ ডলারের পণ্য।অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসেই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৭ কোটি ৫৬ লাখ ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।২০১০-১১ অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ৬৫ কোটি ১৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। একই সময় এসব দেশ থেকে আমদানি করে ৫৩৫ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য। ফলে বাণিজ্য ঘাটতি ছিল ৪৭০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথমার্ধের বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের মোট ঘাটতির অর্ধেকের বেশি হয়ে গেছে।প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও মালদ্বীপ ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সূত্রপাত হওয়ার পর থেকে গত সাত বছরে সাফটাভুক্ত অন্য দেশগুলোয় রপ্তানি তেমন একটা বাড়েনি। বরং এসব দেশ থেকে আমদানি অনেক বেড়েছে। ফলে সাফটায় বাংলাদেশের মোট বাণিজ্য বাড়লেও একই সঙ্গে বেড়েছে বাণিজ্য ঘাটতি। সার্কের বৃহত্তম দেশের ভারতের সঙ্গে যথারীতি সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভারতে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ ডলার। আমদানি হয়েছে ২৩৬ কোটি ৬৪ লাখ ডলারের পণ্য। অর্থাৎ ছয় মাসে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি হয়েছে ২১১ কোটি ৮৯ লাখ ডলার।গত অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করে ৫১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য, বিপরীতে আমদানি হয়েছে ৪৫৭ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য। তখন বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৪০৬ কোটি ২৪ লাখ ডলার।আলোচ্য সময়কালে ভারতের পর বেশি বাণিজ্য ঘাটতি হয়েছে পাকিস্তানের সঙ্গে। এই সময় পাকিস্তান থেকে ২৭ কোটি ১২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র তিন কোটি ৮০ লাখ ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৩ কোটি ৩২ লাখ ডলার।সার্কের নবীন সদস্য দেশ আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এখন এক কোটি ২৯ লাখ ডলার। জুলাই-ডিসেম্বর সময়ে দেশটিতে ১৫ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে এক কোটি ৪৫ লাখ ডলারের পণ্য।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নেপালের সঙ্গেও বাণিজ্য ঘাটতি হয়েছে এক কেটি ২৮ লাখ ডলারের। দেশটি থেকে এক কোটি ৪২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য।চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে ভুটানে ২০ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর বিপরীতে আমদানি হয়েছে ৯১ লাখ ডলারের পণ্য। ফলে ঘাটতি হয়েছে ৭০ লাখ ডলারের।তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে শ্রীলঙ্কা থেকে এক কোটি ৩৪ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে দুই কোটি ১৯ লাখ ডলারের পণ্য। বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৮৫ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছরে দেশটির সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৬১ লাখ ৬০ হাজার ডলার। একইভাবে মালদ্বীপেও আমদানির চেয়ে বেশি পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে। দেশটি থেকে ছয় লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে নয় লাখ ৫০ হাজার ডলারের পণ্য। উদ্বৃত্তের পরিমাণ তিন লাখ ৫০ হাজার ডলার।