প্রথমার্ধের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ে ১২ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে সার্বিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই সময়কালে আয়কর ছাড়া অন্য খাতগুলোয়ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আলোচ্য সময়ে ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা আদায় করতে সমর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৭ হাজার ৬৯৫ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে তিন হাজার ৭৬২ কোটি টাকা। গত বছর একই সময় (জুলাই-ডিসেম্বর) আদায় হয়েছিল ৩৯ হাজার ১১৫ কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষত অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি থাকা সত্ত্বেও লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এক লাখ ১২ হাজার ২২৯ কোটি টাকা। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে এই লক্ষ্যমাত্রা আরও আট হাজার কোটি টাকা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে এনবিআরের সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, গত তিন অর্থবছরে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। আদায় পরিস্থিতি: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি পর্যায়ে আমদানিশুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) সম্পূরকশুল্ক, রপ্তানিশুল্ক আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৬ দশমিক ৮০ শতাংশ। এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ১৫ হাজার ৪৩৩ কোটি টাকা। ছয় মাসে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৩৬৫ কোটি টাকা। গত বছর একই সময় এই খাতটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৪ হাজার ৪১৯ কোটি টাকা। স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর, আবগারিশুল্ক, সম্পূরকশুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। এসব উপখাত থেকে এনবিআরের আদায় মোট হয়েছে ১৫ হাজার ৪৩৩ কোটি টাকা। আর প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৯ শতাংশ। তবে ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৩১২ কোটি টাকা। গত বছর একই সময় এসব উপখাত থেকে মোট আদায় হয়েছিল ১৪ হাজার ৪১২ কোটি টাকা। জুলাই-ডিসেম্বর সময়কালে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। এই খাতে রাজস্ব আদায় হয়েছে ১২ হাজার ৮১৩ কোটি টাকা। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। এই খাতে লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৫৩৯ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময় এই খাতে আদায় ছিল ১০ হাজার ৫৫ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য শুল্ক ও আয়কর বাবদ জুলাই-ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮৬ কোটি টাকা। লক্ষ্য ছিল ৪৭৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় এই খাতে আদায় হয়েছে ২২৮ কোটি টাকা।