প্রধান গন্তব্যগুলোতে রপ্তানি কমলেও বেড়েছে চীন-ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম মাসে আগের বছরের একই সময়ের চেয়ে প্রধান গন্তব্যস্থলগুলোতে রপ্তানি কমেছে বাংলাদেশের। তবে এ সময়ে রপ্তানি বেড়েছে ভারত ও চীনে। বিশ্লেষকেরা বলছেন, মূলত জুলাইতে ঈদের কারণে আরলি শিপমেন্ট হওয়ায় প্রধান প্রধান গন্তব্যস্থলে তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে অপেক্ষাকৃত ছোট ছোট বাজারে তেমন প্রভাব পড়েনি।

সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, কানাডা, জাপান থেকে আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় কমেছে বাংলাদেশের।

জুলাইতে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৩ দশমিক ৩৯ শতাংশ কমে হয়েছে ৪২ কোটি ১৭ লাখ ডলার। গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানি হয় ৪৮ কোটি ৬৯ লাখ ডলার। জুলাইয়ে জার্মানিতে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি কমেছে ১ দশমিক ৪৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ। এর পরেই আছে জার্মানি। ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৬০০ কোটি ডলারের বেশি এবং জার্মানি থেকে প্রায় ৫০০ কোটি ডলারের রপ্তানি আয় আসে দেশে।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির বাজারে মূলত কমেছে তৈরি পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৪ দশমিক ৪২ শতাংশ এবং জার্মানিতে কমেছে ১ দশমিক ৮৬ শতাংশ।

জুলাইতে তৈরি পোশাকের রপ্তানি কমেছে যুক্তরাজ্যেও । আগের বছরের একই সময়ের চেয়ে তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ৫ শতাংশ। আর মোট রপ্তানি কমেছে ৭ দশমিক ১২ শতাংশ। জুলাইয়ে যুক্তরাজ্যে মোট রপ্তানি হয়েছে ২৪ কোটি ৮৪ লাখ ডলারের; যা গেল অর্থবছরের জুলাইতে ছিলে ২৬ কোটি ৭৪ লাখ ডলার।

এ ছাড়া চলতি অর্থবছরের জুলাইতে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ইতালিতে রপ্তানি কমেছে ১৭ দশমিক ৪৩ শতাংশ, কানাডাতে কমেছে ১২ দশমিক ১২ শতাংশ।

প্রধান প্রধান গন্তব্যস্থলে কমলেও জুলাইয়ে ভারতে রপ্তানি বেড়েছে বাংলাদেশের। জুলাইয়ে ভারত থেকে মোট রপ্তানি আয় এসেছে ৫ কোটি ৩৫ লাখ ডলার। গত অর্থবছরের জুলাইয়ে, যা ছিল ৪ কোটি ৬৩ লাখ ডলার। রপ্তানি বেড়েছে চীনেও। জুলাইতে চীন থেকে রপ্তানি আয় এসেছে ৬ কোটি ৩০ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ২৬ লাখ ডলার।।

ইপিবির তথ্য অনুযায়ী, মূলত পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ভারতে। জুলাইতে আগের বছরের একই সময়ের চেয়ে পাট ও পাটজাত পণ্যে রপ্তানি বেড়েছে ৫৬ শতাংশ।

চীনে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। জুলাইতে চীনে প্রায় তিন কোটি ডলারের রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ে হয় প্রায় আড়াই কোটি ডলার।
এ ছাড়া স্পেনে গত বছরের জুলাইয়ের চেয়ে চলতি অর্থবছরের জুলাইতে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলতি বছরের জুলাইয়ে ঈদের কারণে অনেক শিপমেন্ট অর্ডার আগের মাসে হয়ে যায়। তাই জুনে রপ্তানির ক্ষেত্রে একটি ভালো প্রবৃদ্ধি লক্ষ করা গিয়েছিল। ঈদের কারণে ‘আরলি শিপমেন্টের’ কারণে প্রধান প্রধান গন্তব্যস্থলে রপ্তানি কমে যাওয়ার একটা কারণ হতে পারে। তবে যেসব বাজারে কম পরিমাণে তৈরি পোশাক রপ্তানি হয় সময়ের বিবেচনায় খুব বড় নেতিবাচক প্রভাব পড়ে না। তিনি আরও বলেন, পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে যা হয়, তা হলো উৎপাদনের পর বাড়তি পাট দিয়ে পণ্য তৈরি করে রাখা হয়। তাই ছুটি বা বিশেষ ক্ষেত্রে কারখানা বন্ধ থাকলেও অর্ডার অনুযায়ী জোগানে সমস্যা হয় না। এ ছাড়া অপ্রচলিত বাজারে রপ্তানি প্রবৃদ্ধি বেশি হওয়াটা খুবই ইতিবাচক। মধ্যপ্রাচ্যসহ থাইল্যান্ডে আমাদের পাট ও পাটজাত পণ্যের চাহিদা এখন কিছুটা কমে গেছে। এ সময়ে ভারতে বাজার তৈরি হাওয়াটা খুবই ইতিবাচক। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি পাটের চাহিদা ভারতে।

বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ বলেন, রপ্তানির এখনকার যে ধারা এটা সিজন্যাল বা মৌসুমি বলা যেতে পারে। অর্থাৎ বছরের এই সময়টা প্রধান প্রধান গন্তব্যস্থলে সব সময়ই রপ্তানি কম হয়। কারণ, গ্রীষ্মের যে অর্ডার হয়, তা আগেই হয়ে যায়। এটা সাময়িক। এ ছাড়া ইউরোপে বেশ কিছুদিন ধরেই একটা মন্থরগতি লক্ষ করা যাচ্ছে। ইউরোর দাম কম থাকায় ওদের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। সামগ্রিকভাবেই আমদানি কমে যাচ্ছে ইউরোপের দেশগুলোর।
একই কথা জানালেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামও। তিনি বলেন, তৈরি পোশাকের ক্ষেত্রে ৯০ থেকে ১২০ দিন আগে অর্ডার প্লেস হয়। অর্থাৎ জুলাইয়ের অর্ডারগুলো হয়েছে এপ্রিল মে মাসে। তাই মৌসুমের কারণেই রপ্তানি কিছুটা কমেছে। এ ছাড়া জুলাইতে ঈদুল ফিতরের কারণে ১৩ থেকে ১৪ দিন বন্ধ থাকার ও একটা প্রভাব ছিল রপ্তানিতে। তবে আগস্ট থেকে রপ্তানি আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে আসবে বলে মনে করেন তিনি।