সম্মেলন সামনে রেখে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিদের বৈঠক
প্রধান দুই রাজনৈতিক দলকে নিরপেক্ষভাবে চাপ দিতে হবে
চলমান রাজনৈতিক অস্থিরতায় নিরসনে সরকার ও বিরোধী দলকে নিরপেক্ষ অবস্থান থেকে চাপ দিতে হবে। এ জন্য ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের দ্বিধাবিভক্তি না রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।ব্যবসায়ীদের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবসিসিআই) সাবেক সভাপতিরা এক বৈঠকে এই অভিমত প্রকাশ করেছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।রাজনৈতিক অস্থিরতায় করণীয় নির্ধারণে ২৬ এপ্রিল সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবসিসিআই।মূলত এই সম্মেলনের প্রস্তুতি হিসেবেই সাবেক সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন বর্তমান সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও সহসভাপতি হেলাল উদ্দিন।সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান, আকরাম হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন এবং এ কে আজাদ। কয়েকজন সাবেক সহসভাপতিও এতে উপস্থিত ছিলেন।বৈঠকের পর যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা দেশের আসল শক্তি। কিন্তু সহিংস রাজনীতি ও হরতালে আমরা এখন বিপদে আছি। সে কারণে ব্যবসায়ীদের সম্মেলন ডাকা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে সাবেক ব্যবসায়ীদের নিয়ে বসেছিলাম। সবাই একমত হয়েছেন যে সম্মেলন থেকে দুই দলকে এমনভাবে চাপ দেওয়া হবে, যেন তারা এ সমস্যার সমাধান করে।’ সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাবেক সভাপতিরা সরকার ও বিরোধী দলকে নিরপেক্ষ অবস্থান থেকে চাপ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তাঁরা বলেছেন, ব্যবসায়ীদের সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ থেকেই দুই দলকে চাপ দিতে হবে।’ তাঁর মতে, বর্তমানে যে রাজনৈতিক অবস্থা চলছে, গত ৪২ বছরে এমন অবস্থা তৈরি হয়নি।বৈঠকে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ঠিক করা হয়েছে কি না জানতে চাইলে হেলাল বলেন, ‘সম্মেলনে সারা দেশের ব্যবসায়ীদের কথা আমরা শুনব। সেখান থেকেই কর্মসূচি ঠিক করা হবে।’সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছি, ফেডারেশন যেন পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে থাকে। এই সম্মেলন যেন কোনো প্রশ্নের জন্ম না দেয়। ব্যবসায়ীরা যে আসলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা সম্মেলনে তুলে ধরতে হবে। এটা রাজনৈতিক দলগুলোর ওপর চাপ তৈরি করতে পারে।’মীর নাসির আরও বলেন, ‘আমরা বর্তমান সভাপতিকে বলেছি, নিরপেক্ষ দিক থেকে সম্মেলনে আসা ব্যবসায়ীদের কথা শুনতে হবে। তাঁদের কোনো প্রস্তাব থাকলে সেগুলো আমলে নিতে হবে। তাঁরা সমাধানের কোনো পথ বাতলে দিলে তা-ও শুনতে হবে। এসব পরামর্শ আসলেই কার্যকর করা যাবে কি না তা-ও দেখতে হবে। কোনো কর্মসূচি দিলে এসবের ভিত্তিতে আলাপ-আলোচনা করে তা ঠিক করতে হবে।’এফবিসিসিআইয়ের এই ব্যবসায়ী সম্মেলন অবশ্য এরই মধ্যে দুবার পিছিয়েছে। প্রথমে ৬ এপ্রিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে সারা দেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছিল এফবিসিসিআই। পরে অবশ্য তা পিছিয়ে দেওয়া হয়। সম্মেলনের দিন ঠিক করা হয় ২০ এপ্রিল। কিন্তু এর মধ্যেই ব্যবসায়ীদের বিএনপি ঘরানার অংশটি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এফবিসিসিআইকে সাক্ষাৎ দিতে সম্মত হন। এ জন্য ব্যবসায়ীদের সম্মেলন কিছুটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি। তাঁর অনুরোধেই সম্মেলনের দিন পিছিয়ে ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়। ওই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হবে।