প্রধান নির্বাহীর সন্দেহজনক লেনদেন এইচএসবিসির মুনাফা কমেছে
২০১৪ সালে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) মুনাফা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ কমেছে। এ বছর ব্যাংকটি ১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে। এর আগে ২০১৩ সালে ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ২৬০ কোটি ডলার। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে একটা খারাপ বছরই পার করল ব্যাংকটি।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কর ফাঁকিতে সহযোগিতা করার অভিযোগে ব্যাংকটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একেই মুনাফা কমার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে ব্যাংকটিকে যে ২৪০ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়, তার কারণেও মুনাফা কমেছে বলে চিহ্নিত করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
লাভ কমে যাওয়ার প্রভাব পড়েছে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টুয়ার্ট গালিভারের বার্ষিক বেতনেও। ২০১৪ সালে তিনি বেতন পেয়েছেন ৭৬ লাখ পাউন্ড, ২০১৩ সালে পেয়েছিলেন ৮০ লাখ ৩ হাজার পাউন্ড।
কর্মকর্তাদের দেওয়া লভ্যাংশের পরিমাণও কমে গেছে একই সময়ে। ২০১৪ সালে ব্যাংকটির কর্মীরা মোট লভ্যাংশ বোনাস পেয়েছেন ৩৪ লাখ পাউন্ড; যেখানে ২০১৩ সালে লভ্যাংশ বোনাস পেয়েছিলেন ৫৫ লাখ পাউন্ড। ব্যাংকটির চেয়ারম্যান ডগলাস ফ্লিন্টের বার্ষিক বেতন সামান্য বাড়লেও তিনি কোনো লভ্যাংশ বোনাস পাননি।
লভ্যাংশ কমার নেতিবাচক ধাক্কা লেগেছে ব্যাংকটির শেয়ারের দামে। শেয়ারের দাম কমে গেছে ৫ শতাংশ, যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন।
মুনাফা বাড়াতে ২০১১ সাল থেকে ব্যয় সংকোচন নীতি নিয়েছিল এইচএসবিসি। এ সময় থেকে ব্যাংকটি ৭৭টি ব্যবসা বন্ধ করে দেয়। বিশ্বব্যাপী ব্যাংকের ৫০ হাজার কর্মী চাকরিচ্যুত হন।
যুক্তরাজ্যের বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টেকের বিশ্লেষক ইয়ান গর্ডন বিবিসিকে বলেন, ব্যাংকটির বিতর্কিত কর্মকাণ্ড সম্প্রতি গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে, তাতে মুনাফা কমে যাওয়াটা খুব স্বাভাবিক। বিনিয়োগকারীদের জন্য এটি অবশ্যই নেতিবাচক বার্তা।
এদিকে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এইচএসবিসির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভারের বিরুদ্ধে ব্যাংকটির সুইস শাখায় ৫০ লাখ পাউন্ড সন্দেহজনকভাবে জমা রাখার অভিযোগ উঠেছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করলেও এখন তাঁর বিরুদ্ধেই উঠেছে এ অভিযোগ। এ ঘটনায়ও বেশ অস্বস্তিতে পড়েছে ব্যাংকটি।
গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, এইচএসবিসির প্রধান নির্বাহী তাঁর সুইস ব্যাংক হিসাবে ৫০ লাখ পাউন্ড জমা রেখে সন্দেহভাজন কোনো গ্রাহককে কর ফাঁকি দিতে সহযোগিতা করছেন। পানামায় নিবন্ধিত ওরসেস্টার ইকুইটিইজ ইনকরপোরেশন নামের এক প্রতিষ্ঠানের হিসাবে ২০০৭ সালে এই অর্থ রাখেন এইচএসবিসির প্রধান নির্বাহী।