প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ইউরোর ব্যাপক দরপতন
স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে সরাসরি লেনদেনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ার প্রবণতা গত সপ্তাহেও অব্যাহত ছিল। এই সপ্তাহে বাংলাদেশি টাকার বিপরীতে প্রতি ডলারের দর প্রায় ১৩ পয়সা বেড়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৩ টাকা ১০ পয়সা থেকে ৭৩ টাকা ১৭ পয়সায় লেনদেন হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৩ টাকা ১৩ পয়সা থেকে ৭৩ টাকা ২৩ পয়সায় লেনদেন হয়।আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহে (৭ থেকে ১৩ মে) রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর কর্তৃক গ্রিসের ঋণমান ‘বিবি’ থেকে ‘বি’তে অবনমনের ফলে ইউরো অঞ্চল নিয়ে শঙ্কা ঘনীভূত হলে সোমবার গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর ব্যাপকভাবে দরপতন ঘটে। এ সময় মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।পরবর্তী সময়ে গ্রিসের জন্য ছয় হাজার কোটি ইউরোর সহায়তা প্যাকেজ নেওয়ার খবরে ইউরো কিছুটা ঘুরে দাঁড়ালেও গ্রিস কর্তৃপক্ষ এ ধরনের সংবাদ অস্বীকার করায় ইউরো আবার দর হারাতে থাকে। যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকে।অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড মধ্যমেয়াদি মূল্যস্ফীতির প্রাক্কলন উন্নীত করায় বুধবার গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর বিপরীতে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বিশেষত ইউরোর বিপরীতে পাউন্ডের বিনিময় হার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।‘এপ্রিল মাসে সুদের হার বৃদ্ধি কোনো আকস্মিক ঘটনা নয়’—ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বৃহস্পতিবার এমন মন্তব্য করায় ইউরো কিছুটা শক্তি ফিরে পায়। শুক্রবার প্রকাশিত জার্মানি ও ফ্রান্সের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য আশাপ্রদ হওয়ায় ইউরোর অবস্থান শক্তিশালী হয়ে ওঠে।তবে ইউরো অঞ্চলের ‘মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থিতিশীলতার জন্য সম্ভাব্য সবকিছু করা হবে’—ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রধানের এমন মন্তব্যে ইউরো শক্তি হারাতে থাকে। এ সময় প্রতি ইউরো ডলারের বিপরীতে শক্তি হারিয়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।যা-ই হোক, সপ্তাহের শেষে শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৪১১৮ ডলারে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬১৯৬ ডলারে এবং প্রতি ডলার ৮০ দশমিক ৭৮ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়।এদিকে দেশে আন্তব্যাংক কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে নেওয়া কর্জ) মার্কেটে গত সপ্তাহজুড়ে সাড়ে ৪ থেকে ৬ শতাংশ সুদে বেশির ভাগ লেনদেন সম্পন্ন হয়। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৩৪৩ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ট্রেজারি বিলের এই নিলামে অন্তর্নিহিত সুদের হার ৬ দশমিক ৫০ শতাংশে নির্ধারিত হয়। যা আগের নিলামের চেয়ে ৪০ বেসিস পয়েন্ট বেশি। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের ২৪৫ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে অন্তর্নিহিত সুদের হার পাঁচ বেসিস পয়েন্ট বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে নির্ধারিত হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।