প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় মুদ্রাবাজারে গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার শক্তি বেড়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭০ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়। বুধবারে তা ৭০ টাকা ৫০ পয়সায় নেমে আসে। তবে সপ্তাহের শেষ কর্মদিদবসে আরও কমে প্রতি ডলার ৭০ টাকা ৩৫ পয়সায় লেনদেন হয়।আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহে (৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর) প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দরপতন অব্যাহত থাকে। গত সোমবারে মার্কিন ডলারের দর পড়ে যাওয়ার মধ্য দিয়ে সপ্তাহের কেনাবেচা শুরু হয় আন্তর্জাতিক মুদ্রাবাজারে। মঙ্গলবারে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর পর ডলারের আরও দরপতন হয়। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের দর গত ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। এ সময় প্রতি অস্ট্রেলীয় ডলার ১ দশমিক ০০২৫ ডলারে লেনদেন হয়। একই দিনে প্রতি ইউরোর দর বেড়ে ১ দশমিক ৪০৫২ ডলারে ওঠে যায়।বুধবারে প্রকাশিত যুক্তরাষ্ট্রের অক্টোবরের সেবাখাতের আইএসএম তথ্য প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ডলারের দর অবশ্য কিছুটা বাড়ে।বৃহস্পতিবারে মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের দর আরও বাড়ে। এ দিন প্রতি অস্ট্রেলীয় ডলার ১ দশমিক ০১৭৫ ডলারে এবং শুক্রবারে আরও বেড়ে ১ দশমিক ০১৮২ ডলার পর্যন্ত উঠে যায়। বৃহস্পতিবারে ইউরো ও পাউন্ড স্টার্লিংয়ের দরও বাড়ে শুধু মার্কিন অর্থনীতিতে প্রচুর অর্থের জোগান বাড়ার ইঙ্গিতে।তবে শুক্রবারে মোটামুটিভাবে ডলার শক্তি ফিরে পেতে শুরু করে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্য অনেক দিন পর ভালো আসাতে ডলার ঘুরে দাঁড়ায়। একই দিনে প্রতি ইউরো ১ দশমিক ৪০৩৭ ডলারে, প্রতি স্টার্লিং ১ দশমিক ৬১৮২ ডলারে এবং প্রতি ডলার ৮১ দশমিক ২৯ ইয়েনের কাছাকাছি লেনদেন শেষ করে। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।