প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার তেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে গত সপ্তাহে মার্কিন ডলারের দর বেড়েছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ঋণসংকট অব্যাহত থাকায় তাদের অভিন্ন মুদ্রা ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ে। অবশ্য আমেরিকার বিভিন্ন অর্থনৈতিক সূচক ভালো হওয়ায় দেশটির মুদ্রা ডলার চাঙা হয়ে ওঠার পেছনে ভূমিকা রাখে।গ্রুপ ২০ বা জি২০-এর অর্থমন্ত্রীরা গত সপ্তাহের প্রথমদিকে বলেছিলেন যে, ইউরো জোনে যদি নিজেরাই অধিক পরিমাণে অর্থের জোগান দেন, তাহলে ইউরোপের দেশগুলোতে বাড়তি আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ইউরোপের ৮০০ ব্যাংককে তিন বছর মেয়াদে এক শতাংশ সুদে পুনরায় অর্থায়নসুবিধা হিসেবে ৫২ হাজার ৯৫০ কোটি ইউরোর আর্থিক সহায়তা দেয়, যা ইউরোপের বন্ড মার্কেটকে স্থিতিশীল করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। খবর বাসস ও সিনহুয়ার।ইউরোর বিপরীতে গত সপ্তাহে ডলার ইনডেক্স ১ দশমিক ৪ শতাংশ বেড়ে উন্নীত হয়। আলোচ্য সপ্তাহে ডলারের বিপরীতে অন্যান্য প্রধান মুদ্রার মধ্যে ব্রিটিশ পাউন্ড স্টার্লিং শূন্য দশমিক ৩৭ শতাংশ মূল্য হারায়। এর ফলে প্রতি পাউন্ডের দাম কমে দাঁড়ায় ১ দশমিক ৫৮ ডলারে। এ ছাড়া জাপানি ইয়েনের বিপরীতেও মার্কিন ডলারের দর গত সপ্তাহে শূন্য দশমিক ৯ শতাংশ বাড়ে। এর ফলে প্রতি ডলারের বিক্রয়মূল্য দাঁড়ায় ৮১ দশমিক ৭৮ ইয়েন।