প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের ব্যাপক দরপতন
দেশে গত সপ্তাহজুড়ে আন্তব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলারের জোগান কিছুটা বেড়েছে। তা সত্ত্বেও সরাসরি কেনাবেচায় মার্কিন মুদ্রাটির বিপরীতে স্থানীয় টাকার বিনিময় হার আরও প্রায় ছয় পয়সার মতো দরপতন ঘটেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭২ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার সর্বোচ্চ ৭২ টাকা ৮৬ পয়সা পর্যন্ত লেনদেন হতে দেখা যায়। এদিকে গত সপ্তাহে (২ থেকে ৮ এপ্রিল) চাকরিবিষয়ক তথ্য ভালো হওয়ায় মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার গত ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। এ সময় প্রতি অস্ট্রেলিয়ান ডলার ১ দশমিক ০৪৮১ মার্কিন ডলারে বিনিময় হয়। কমোডিটি-নির্ভর আরেক মুদ্রা কানাডিয়ান ডলারের দরও গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। বিশেষ করে শুক্রবার প্রতি মার্কিন ডলার শূন্য দশমিক ৯৫৪০ কানাডিয়ান ডলারে কেনাবেচা হয়।মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের সঙ্গে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুুদের হার বাড়ানোর ঘোষণায় দুই অঞ্চলের সুদের হারের পার্থক্য আরও বাড়বে বলে বাজারে ধারণা ছড়িয়ে পড়ে। এতে ইউরোর দর ডলারের বিপরীতে গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে।আলোচ্য সপ্তাহের শুরুতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুুদের হার বাড়াতে পারে—এমন ধারণায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে ইউরোর দর বাড়তে থাকে। গত সোমবার ইউরোর দর জাপানি ইয়েনের বিপরীতে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এ দিন প্রতি ইউরো ১২০ ইয়েনে কেনাবেচা হয়।তবে মঙ্গলবার পর্তুগালের ক্রেডিট রেটিং পড়ে যাওয়ায় এবং চীনের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর ফলে ডলারসহ প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর দর পড়ে যায়।যাহোক, সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৪৪৮০ ডলার, প্রতি ডলার শূন্য দশমিক ৯০৬৩ সুইস ফ্রাঙ্কে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৩৮৭ ডলার ও প্রতি মার্কিন ডলার ৮৪ দশমিক ৭৪ ইয়েনের কাছাকাছি দরে লেনদেন হয়। এদিকে দেশে গত সপ্তাহের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার সর্বোচ্চ শতকরা শূন্য ৫ থেকে শূন্য ৭ শতাংশে লেনদেন হয়েছে। তবে সপ্তাহের শেষদিন বেশির ভাগ লেনদেনে সুদের হার শতকরা ১২ শতাংশে নির্ধারিত হয়। আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ৯১ ও ৩৬৪ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের যথাক্রমে ৪০০ ও ২৫০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে অন্তর্নিহিত সুদের হার যথাক্রমে ৫ দশমিক ৮০ শতাংশে ও ৬ দশমিক ৫০ শতাংশে নির্ধারিত হয়, যা আগের নিলামের চেয়ে ২০ ও ১৫ বেসিস পয়েন্ট বেশি।এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ৫০০ কোটি টাকার নিলাম হয। এতে সুদের হার শূন্য ৯ দশমিক ৪৫ শতাংশে অপরিবর্তিত থাকে। সূত্র: সিটিব্যাংক এনএ বাংলাদেশ।