প্রধান মুদ্রাগুলোর লেনদেনে মিশ্র প্রবণতা
স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা কিছুটা শক্তিশালী হয়ে ওঠে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৬৯ টাকা ২৮ পয়সায় কেনাবেচা হয়। যা সপ্তাহের শেষে ৬৯ টাকা ২৬ পয়সায় নেমে যায়।ইউরোপে গ্রিসের অর্থনৈতিক সংকট নিয়ে আশঙ্কা কিছুটা প্রশমিত হওয়ায় গত সপ্তাহের (৬ থেকে ১২ মার্চ) শুরুতেই মার্কিন ডলার ও জাপানি ইয়েনের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরোর বিনিময় হার খানিকটা শক্তিশালী হয়ে ওঠে। এ সময় প্রতি ইউরো এক দশমিক ৩৭০৪ ডলারে কেনাবেচা হয়।আলোচ্য সপ্তাহে প্রকাশিত জানুয়ারি মাসে ইউরো অঞ্চলের শিল্পোত্পাদন রেকর্ড পরিমাণ বাড়ার খবরে সপ্তাহ শেষে ডলারের বিপরীতে ইউরোর দর গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। এ সময় প্রতি ইউরো লেনদেন হয় ১ দশমিক ৩৮৯৬ ডলারে।যুক্তরাজ্যে ফেব্রুয়ারি মাসে বাড়ির দাম কমে আসার খবরে তাদের মুদ্রা পাউন্ড স্টার্লিং মার্কিন ডলারের বিপরীতে সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরবর্তী সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাজ্যের ব্যাংকগুলোর ক্রেডিট রেটিং নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় মঙ্গলবার ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিংয়ের দর প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে পড়ে। এ সময় প্রতি পাউন্ড স্টার্লিং কেনাবেচা হয় ১ দশমিক ৪৮৭১ ডলারে।গত সপ্তাহে যুক্তরাজ্যের সার্বভৌম ক্রেডিট প্রোফাইল সম্পর্কে রেটিং সংস্থা ‘ফিচ’ অভিমত দেয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের সার্বভৌম ক্রেডিট প্রোফাইল কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে সপ্তাহ শেষে ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিং ঘুরে দাঁড়ায়। এ সময় প্রতি পাউন্ড ১ দশমিক ৫২১৭ ডলারে ওঠে যায়।সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের চাকরির তথ্য প্রত্যাশার চেয়ে ভালো হওয়ার খবরে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের দর বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এতে ডলার কেনাবেচা হয় ৯০ দশমিক ৬৯ ইয়েনে।সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩৭৭৪ ডলারে, পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫২১৭ ডলারে এবং ডলার ৯০ দশমিক ৫৩ ইয়েনে লেনদেন হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।