পর্যটন করপোরেশনের প্রধান সমস্যা ব্যবস্থাপনায়। সেখানে উন্নতি ঘটাতে হবে। তাই ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। মহামারি করোনার সময় করপোরেশনের ব্যাপক ক্ষতি হয়েছে। সেইÿক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। করপোরেশনের একাধিক প্রকল্প জমা আছে পরিকল্পনা কমিশনে। সেগুলো অনুমোদন পেলে করপোরেশনের কাজে আরও গতি আসবে। মুনাফাও বাড়বে।
তবে সমস্যা হলো করপোরেশনের মধ্যে একধরনের ব্যবসার গন্ধ আছে। আবার করপোরেশন ব্যবসাপ্রতিষ্ঠানও নয়। আমরা বেসরকারি খাতের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসাও করতে চাই না। বরং ব্যবসার পথকে সুগম করতে চাই। পর্যটনের পথ খুলে দেওয়া হলো করপোরেশনের কাজ।
পর্যটন করপোরেশনের আওতায় সারা দেশে ৪৬টি বাণিজ্যিক ইউনিট আছে। এর মধ্যে অনেক ইউনিট আছে বহু পুরোনো। দীর্ঘদিন ধরে যেগুলোর কোনো সংস্কার হয়নি। এসব হোটেল-মোটেল আধুনিকায়ন করা দরকার। এ জন্য আমরা সরকারের কাছে টাকা চেয়েছি। কিন্তু এখনো কোনো টাকা পাইনি।
সারা দেশে হোটেল-মোটেলের নিবন্ধন ও নবায়নের কাজ করছে পর্যটন মন্ত্রণালয়। এ দায়িত্ব করপোরেশনকে দেওয়া হবে কি না, সে উদ্যোগটা মন্ত্রণালয় থেকেই নিতে হবে, করপোরেশন থেকে নয়।
সরকার পর্যটন খাতের জন্য এক হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে। সেই তহবিল থেকে আমরা এক টাকাও নিইনি। আমরা নিজেদের আয়ে চলি। প্রণোদনার টাকা নেওয়ার প্রয়োজন হবে না।