বছর শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুটি সূচক পুনঃসমন্বয় করা হয়েছে। এর ফলে সূচক দুটিতে নতুন করে কিছু কোম্পানির সংযোজন-বিয়োজন ঘটছে। সংযোজন-বিয়োজন শেষে আগামী রোববার থেকে তা কার্যকর হবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, প্রধান সূচক ডিএসইএক্স থেকে চারটি কোম্পানি বাদ পড়ছে, আর নতুন করে যুক্ত হতে যাচ্ছে ২৩টি কোম্পানি। এর ফলে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২২৬টিতে।
বর্তমানে ডিএসইএক্স সূচকে ২০৭টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। সেখান থেকে চারটি বাদ পড়ছে।
এ ছাড়া বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক থেকে বছর শেষে বাদ পড়ছে চারটি কোম্পানি। সেগুলোর জায়গায় নতুন চারটি কোম্পানি যুক্ত হচ্ছে।
ডিএসই জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বা এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি বিবেচনায় সূচকের এই পুনঃসমন্বয় করা হচ্ছে।
ডিএসই-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বছর শেষে প্রধান সূচক ডিএসইএক্স সমন্বয়ের ক্ষেত্রে এসঅ্যান্ডপি মাপকাঠি অনুযায়ী তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। প্রথমটি ছিল কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন, বিগত ছয় মাসের গড় লেনদেন ও তিন মাসের লেনদেন দিবস।
এই তিনটি মাপকাঠিতে উত্তীর্ণ কোম্পানিগুলোকে সূচকে নতুন করে সংযোজন করা হচ্ছে। আর যেসব কোম্পানি মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে, সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইএক্সে নতুন যে ২৩টি কোম্পানি সংযোজিত হচ্ছে সেগুলো হলো: ফারইস্ট ফিন্যান্স, ইস্টার্ন কেব্লস, রেনউইক যজ্ঞেশ্বর, ন্যাশনাল টিউবস, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এএমসিএল (প্রাণ), রহিম টেক্সটাইল, এমবি ফার্মা, ইবনে সিনা, লিবরা ইনফিউশানস, গ্লোবাল হেভি কেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, হাক্কানি পাল্প, শমরিতা হসপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, উসমানিয়া গ্লাস ও বার্জার পেইন্টস।
ডিএসইএক্স সূচক থেকে যে চারটি কোম্পানি বাদ পড়ছে সেগুলো হলো: কে অ্যান্ড কিউ, মাইডাস ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যালস ও রহিমা ফুড। এই চার কোম্পানির মধ্যে শেষোক্ত দুটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লেনদেন দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কোম্পানি দুটি এসঅ্যান্ডপির মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে।
ডিএস ৩০ সূচকে নতুন যে চারটি কোম্পানি অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সেগুলো হলো: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও রেনেটা লিমিটেড। আর বাদ পড়া চার কোম্পানি হলো: বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, স্কয়ার টেক্সটাইল ও সাউথইস্ট ব্যাংক।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে ডিএসইএক্স ও ডিএস ৩০ সূচক দুটি চালু করা হয়। ভুলে ভরা অতীতের ডিএসই সাধারণ সূচকের স্থলে ডিএসইএক্স প্রতিস্থাপন করা হয়।