প্রধান হিসাবরক্ষক পরামর্শক পদে মনোয়ার হোসেনের নাম প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রধান হিসাবরক্ষক পরামর্শক পদে নিয়োগের জন্য হিসাববিদ মো. মনোয়ার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরামর্শক নিয়োগে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন মাসের জন্য তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হবে। আজ মঙ্গলবার বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএসইসির প্রধান হিসাবরক্ষক পরামর্শক পদে নিয়োগের জন্য একজনকে চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে।’

বিএসইসি সূত্রে জানা যায়, গত ১ জুন প্রধান হিসাবরক্ষক পরামর্শক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসইসি। নির্ধারিত সময়ে তিনজন প্রার্থী ওই পদে আবেদন করেন। তাঁদের মধ্য থেকে দুইজন সাক্ষাত্কারে অংশ নেন। দুইজনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করা হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনতে, কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন যথাযথ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং প্রধান হিসাবরক্ষকের কাজ কী হবে তা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা (গাইডলাইন) তৈরি করতে এই পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান হিসাবরক্ষকের দপ্তর খোলা হচ্ছে বিএসইসিতে। পরামর্শকের বেতনভাতা বিএসইসি থেকেই বহন করা হবে। নিয়োগ-সংশ্লিষ্ট কমিটি পরামর্শকের বেতন আড়াই লাখ টাকার সুপারিশ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তার অন্যতম শর্ত পূরণের জন্য এই পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে কার্যকর, স্থিতিশীল ও স্বচ্ছ পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট ২৮টি শর্ত দেয় এডিবি। এর মধ্যে অন্যতম হলো বিএসইসিতে প্রধান হিসাবরক্ষকের দপ্তর স্থাপন এবং প্রধান হিসাবরক্ষক ও নিরীক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে গাইডলাইন প্রণয়ন।