প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত
দেশের শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।সংগঠনটির সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী প্রথম আলো অনলাইনকে আজ বলেন, ‘শেয়ারবাজারের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকে আমরা স্বাগত জানাই।’ তাঁর এ উদ্যোগ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তবে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো যেন লোক দেখানো না হয়, সেদিকে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।মিজান-উর রশিদ বলেন, ‘শেয়ারবাজারে অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগকারীদের আস্থা একেবারেই কমে গেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা সঞ্চারে সহায়ক ভূমিকা রাখবে। তবে সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হলে বিনিয়োগকারীদের আস্থা আরও কমে যাবে, যা বাজারের জন্য খারাপ হবে।’শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। তারা পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।গত ডিসেম্বরে শেয়ারবাজারে দরপতন শুরু হওয়ার পর চলতি মাসেও দরপতন অব্যাহত থাকে। শেয়ারবাজার সংশ্লিষ্ট পক্ষগুলো এর আগে বিভিন্ন পদক্ষেপ নিলেও কোনোভাবেই দরপতন ঠেকানো যাচ্ছিল না। অবশেষে গতকাল প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গণভবনে বৈঠক করেন। গতকাল রাতে চার ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে এসইসির সদস্য আরিফ খান কয়েকটি সিদ্ধান্তের কথা জানান। এ ছাড়া দু-এক দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।