প্রবাসী-আয়ের বিষয়ে ফরিদপুরে মেলা
ফরিদপুরে দুই দিনব্যাপী ‘প্রবাসী ব্যাংকিং ও রেমিটেন্স বা প্রবাসী-আয় মেলা’ গতকাল শনিবার শেষ হয়েছে। স্থানীয় অম্বিকা ময়দানে অনুষ্ঠিত এ মেলায় ফরিদপুরে কর্মরত ১৬টি ব্যাংক অংশ নেয়।জেলা প্রশাসন ও ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি যৌথভাবে মেলাটির আয়োজন করে। উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হেসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ।খন্দকার মোশাররফ হোসেন ব্যাংকগুলোকে বিদেশ থেকে বিনা পয়সায় প্রবাসী-আয় আনা এবং এ ক্ষতি অন্যান্য খাত থেকে পুষিয়ে নেওয়ার পরামর্শ দেন। এতে প্রবাসী-আয়ের পরিমাণ দ্বিগুণ হবে বলে তিনি মনে করেন। এ বক্তব্যের সপক্ষে তাঁর যুক্তি হলো, ফির ভয়ে প্রতিবছর ৪৯ শতাংশ প্রবাসী-আয় পাঠানো হয় হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে।আয়োজকরা জানান, ফরিদপুর জেলার সাড়ে ৮ শতাংশ মানুষ বিদেশে থাকে। বিদেশ থেকে সহজ উপায়ে ও নিরাপদে দেশে প্রবাসী-আয় আনার বিষয়ে মেলার আয়োজন করা হয়েছে।