প্রবাসী-আয় আগের মাসের চেয়ে কম
বিদেশে বসবাসরত বাংলাদেশিরা গত নভেম্বর মাসে ১০৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) দেশে পাঠিয়েছেন। রেমিট্যান্স পাঠানোর এই পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ১৯ কোটি ডলার বেশি। তবে আগের মাস অর্থাৎ অক্টোবরের তুলনায় প্রবাসী-আয় খানিকটা কমেছে। ঈদ ও পূজার কারণে অক্টোবর মাসে রেকর্ড ১৪৫ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। অর্থবছর ধরে রেমিট্যান্সের হিসাব উপস্থাপন করে থাকে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬১১ কোটি পাঁচ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। গত অর্থবছরের একই সময় পর্যন্ত প্রবাসী-আয় আসার পরিমাণ ছিল ৪৯২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ সময়ভিত্তিক হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৪ শতাংশ। অভিবাসন ও রেমিট্যান্সের ওপর প্রকাশিত বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে ২০১২ সালে বাংলাদেশে রেমিট্যান্স-প্রাপ্তির পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলার হবে বলে প্রাক্কলন করা হয়েছে। নভেম্বর মাসের পরিসংখ্যান যোগ করলে পঞ্জিকাবর্ষের ১১ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৮৯ কোটি ডলার। বিশ্বব্যাংকের প্রাক্কলন সঠিক হতে হলে বাকি ডিসেম্বর মাসে আসতে হবে ১১৩ কোটি ডলার, যা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।