প্রবাসী আয় আরও কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের আয় ও সঞ্চয় কমেছে। এ কারণেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ কমেছে বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশের অর্থনীতি নিয়ে এক পর্যালোচনায় ব্যবসায়ীদের এ সংগঠনটি বলেছে, তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ড সংকুচিত হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী দিনগুলোতে প্রবাসী আয়ের পরিমাণ আরও কমতে পারে। কারণ, অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ভাটা পড়তে পারে।
অর্থনীতি নিয়ে এমন পর্যালোচনা প্রতি তিন মাস পরপর প্রকাশ করে ব্যবসায়ীদের এ প্রভাবশালী সংগঠনটি। এবারের পর্যালোচনায় বলা হয়েছে, সার্বিকভাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতির অবস্থা ছিল ইতিবাচক। প্রধান সূচকগুলো স্থিতিশীল উন্নতি করেছে, যদিও তা ছিল সম্ভাবনার তুলনায় কম। এমসিসিআই বলেছে, আলোচ্য সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল, ডলারের বিনিময়মূল্য স্থিতিশীল ছিল এবং বৈদেশিক মুদ্রার মজুত স্বস্তিকর অবস্থায় পৌঁছেছে। সব মিলিয়ে অর্থবছরের প্রথম অংশে কৃষি, শিল্প উৎপাদন ও সেবা খাত ভালো করেছে। তবে অবকাঠামোর ঘাটতির কারণে অর্থনীতি সম্ভাবনা অনুযায়ী এগোতে পারছে না বলে উল্লেখ করেছে এমসিসিআই।
অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় এসেছে ৩২৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮২ শতাংশ কম। এমসিসিআইয়ের পর্যালোচনায় বলা হয়, প্রবাসী আয় দেশে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন আর আগের মতো আগ্রহী নয়। এর কারণ হলো, দেশের আন্তব্যাংক মুদ্রাবাজারে এখন ডলারের চাহিদা কম।
তবে অনেক বেসরকারি ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংক প্রবাসী আয় বাড়ানোর চেষ্টা করছে, উল্লেখ করে এমসিসিআই বলেছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ১২টি বাণিজ্যিক ব্যাংককে প্রবাসী আয় সংগ্রহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও আলোচ্য সময়ে লোডশেডিং বেড়েছে বলেও দাবি করেছে এমসিসিআই। তাদের পর্যালোচনা, লোডশেডিংয়ের ধকলে শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গতিহীন ছিল বলেও উল্লেখ করেছে এমসিসিআই। তাদের পর্যালোচনায় বলা হয়েছে, সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এরপরও প্রথম তিন মাসে এডিপির মাত্র ৮ দশমিক ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বড় মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপির বাস্তবায়ন এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে।
আলোচ্য সময়ে বাজারে মুদ্রা সরবরাহ, বেসরকারি খাতে ঋণ, রপ্তানি আয়, আমদানি, বৈদেশিক মুদ্রার মজুত ও রাজস্ব আদায় বেড়েছে বলে উল্লেখ করা হয় পর্যালোচনায়। তবে চালের দাম বৃদ্ধি, জনশক্তি রপ্তানি কমে যাওয়া, বাণিজ্য ঘাটতি সামান্য বৃদ্ধি ইত্যাদিকে নেতিবাচক দিক হিসেবে তুলে ধরেছে এমসিসিআই।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার আশা করে সংগঠনটি বলেছে, এতে রপ্তানি ও আমদানি বাড়বে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনশক্তি রপ্তানির নতুন সুযোগ তৈরি হলে প্রবাসী আয়ও বাড়তে পারে বলেও আশা করছে তারা।