প্রবাসী আয় কমাচ্ছে হুন্ডি

অবৈধ পথে প্রবাসী আয় আসার পরিমাণ বেড়ে গেছে। এতে আগের বছরের তুলনায় ২০১৬ সালে প্রবাসী আয় কমেছে ১১ শতাংশ। এ অবস্থায় প্রবাসী আয় বাড়াতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের তৎপর থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নগদ ডলারের চাহিদা মেটাতে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ আলোচনা হয়েছে। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ বিতরণে অতিরিক্ত সেবা মাশুল আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড দায়ে সুদ আরোপ না করার সিদ্ধান্ত হয়েছে।
গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামানসহ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত ছিলেন। সভায় চলতি ও নতুন মুদ্রানীতি, ভালো গ্রাহকদের প্রণোদনা ও আগের ব্যাংকার্স সভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
সভা শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, হুন্ডি বেড়ে যাওয়ায় রেমিট্যান্স কমেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনার ক্ষেত্রে ও হুন্ডি প্রতিরোধে ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে বলা হয়েছে। এ ছাড়া বর্তমানে বাজারে নগদ ডলারের সংকট মেটাতে ডলার আমদানির প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
সভা সূত্র জানায়, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের ঋণে ১৬-১৮ ধরনের সেবা মাশুল আদায় করছে ব্যাংকগুলো। এতে ঋণের কার্যকর সুদ হার ৪ থেকে ৬ শতাংশ বেড়ে যাচ্ছে। তাই সেবা মাশুল আদায়ের ৬ খাত নির্ধারণ করে দেওয়া হয়েছে। সভায় আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সভায় হল-মার্ক জালিয়াতির ঘটনায় ব্যাংকগুলো সোনালী ব্যাংকের স্বীকৃত বিলের বিপরীতে গ্রাহকের অনুকূলে সৃষ্ট ফোর্সড লোনের বিপরীতে সুদ আদায় না করার সিদ্ধান্ত হয়। হল-মার্কের পাওনা আদায়ে ব্যাংকগুলোর একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, দেশে উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলা ও ভালো ঋণগ্রহীতাদের নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার নির্দেশনা রয়েছে। গত ২০১৫ সালে আদায়কৃত সুদের ওপর ১০ শতাংশ রিবেট দেওয়ার বিধান জারি করে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ৬ ব্যাংক ৫ কোটি ৬০ লাখ টাকা রিবেট দিয়েছে এবং ১৬টি ব্যাংক রিবেট দেওয়ার জন্য ৫৭ কোটি টাকা প্রভিশন সংরক্ষণ করেছে। বাকি ৩৪টি ব্যাংক এখনো রিবেট দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। ভালো গ্রাহকদের রিবেট দিতে ব্যাংকার্স সভায় নির্দেশনা দেওয়া হয়েছে।