প্রবাসী-আয় কমে যাওয়ার আশঙ্কা এডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মনে করছে, রপ্তানি-আয়ের উচ্চ হার বজায় থাকলে ও অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হলে চলতি ২০১০-১১ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার গতবারের চেয়ে বেশি হবে।২০০৯-১০ অর্থবছরে অর্জিত ৫ দশমিক ৮০ শতাংশ হারের জিডিপি প্রবৃদ্ধিকেও এডিবি সন্তোষজনক বলে অভিহিত করেছে।তবে এডিবি একই সঙ্গে এ আশঙ্কাও ব্যক্ত করেছে যে প্রবাসী-আয় বৃদ্ধির হার কমে গিয়ে অভ্যন্তরীণ চাহিদাকে শ্লথ করে ফেলতে পারে, যা আবার জিডিপি প্রবৃদ্ধির হারকে নিম্নমুখী করতে পারে।উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসী-আয়ের মোট প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ কমে গেছে।বাংলাদেশ অর্থনীতির ওপর এডিবির সর্বশেষ ত্রৈমাসিক হালনাগাদ প্রতিবেদনে (সেপ্টেম্বর, ২০১০) এসব কথা বলা হয়েছে। খবর ইউএনবির।এডিবির প্রতিবেদনে জ্বালানি ও অবকাঠামোর দুর্বলতা কাটিয়ে ওঠা ও শ্রম দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়েছে।প্রবৃদ্ধির হারকে জোরালো করার জন্য অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দেওয়া হয়েছে এডিবির প্রতিবেদনে। বলা হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটাতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে; প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সামর্থ্য বাড়াতে হবে এবং অর্থনৈতিক সংস্কার কার্যক্রম জোরদার করতে হবে।প্রতিবেদনে খাদ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে এই বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এর ফলে সীমিত আয়ের, বিশেষ করে গ্রামাঞ্চলের গরিব মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। মুদ্রার সরবরাহ বেড়ে চলা ও বেসরকারি খাতের ঋণপ্রবাহ মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে বলেও এডিবি মনে করছে।প্রতিবেদনে এ প্রসঙ্গে আরও বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৬১ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে গত বছরের সেপ্টেম্বরে এই হার ছিল ৪ দশমিক ৬০ শতাংশ।কৃষি প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে এডিবি বলছে, কৃষি খাতের প্রবৃদ্ধির হার ২০০৮-০৯ অর্থবছরে ৪ দশমিক ১০ শতাংশ থেকে বেড়ে ২০০৯-১০ অর্থবছরে ৪ দশমিক ৭০ শতাংশে উন্নীত হয়েছে, তার পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। এগুলো হলো: অনুকূল আবহাওয়া, সেচে ভর্তুকি, সময়মতো বীজ সরবরাহ ও সার বিতরণ, ধান সংগ্রহের উচ্চমূল্য, কৃষিঋণ প্রাপ্তি সহজকরণ ইত্যাদি।অন্যদিকে ২০০৯-১০ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশ, যা কিনা ২০০৮-০৯ অর্থবছরে ছিল সাড়ে ৬ শতাংশ।এডিবির মতে, রপ্তানিমুখী শিল্পের নিম্ন প্রবৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও পরিবহন সংকটের সমন্বিত প্রভাবে শিল্প খাত গত অর্থবছর নিম্নমুখী হয়েছিল।প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাস ও বিদ্যুতের সংকট দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানাগুলোকে অনেক বেশি সংকটে ফেলেছে। আর বড় শিল্প-কারখানাগুলোয় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকায় সেগুলো অতটা আক্রান্ত হয়নি।এডিবি রাজস্ব আয়ের দুর্বলতায় হতাশা প্রকাশ করে বলেছে, প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করতে না পারার ব্যর্থতা বাংলাদেশের দারিদ্র্য নিরসন ও প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যয় নির্বাহে বাধা হয়ে দাঁড়িয়েছে। এডিবি বলছে, এমনিতেই বাংলাদেশের করের ভিত্তি অনেক সংকীর্ণ। তার ওপর নানা ধরনের কর অব্যাহতি, কর অবকাশ ও কর ফাঁকি এই ভিত্তিকে আরও দুর্বল করে দিয়েছে।দেশের কৃষি খাত ও সেবা খাতের বিরাট অংশই আনুষ্ঠানিক করজালের আওতার বাইরে রয়ে গেছে বলে এডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য রাজস্ব খাতে ব্যাপকভিত্তিক সংস্কারের তাগিদ দিয়েছে এডিবি। এ ক্ষেত্রে কর নীতি ও কর প্রশাসনের বড় ধরনের সংস্কার বলেও প্রতিষ্ঠানটি মনে করে।