আবারও ১০০ কোটি ডলার ছাড়িয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে প্রবাসী আয় এসেছে ১০১ কোটি ডলার। এর আগে গত নভেম্বর ও ডিসেম্বরে এই আয় ১০০ কোটির নিচে নেমে গিয়েছিল।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসীরা মোট ৭২৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। ২০১৫-১৬ অর্থবছরের এ সময়ে এসেছিল ৮৬৩ কোটি ডলার। সেই হিসাবে প্রবাসী আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
প্রবাসীদের পাঠানো আয় সব সময় ১০০ কোটি ডলারের বেশি থাকলেও গত নভেম্বর ও ডিসেম্বরে তা নেমে আসে যথাক্রমে ৯৫ কোটি ১০ লাখ ডলার ও ৯৫ কোটি ৮০ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিল। যদিও ২০১৫ সালে এসেছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার। সে হিসাবে গত বছরে প্রবাসী আয় আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৬ শতাংশ কমেছিল। এর আগে ২০১৩ সালেও প্রবাসীরা ২ দশমিক ৩৯ শতাংশ কম রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
প্রবাসী আয়ের নেতিবাচক প্রবণতা শুরু হয় ২০১৩ সালে। আগের বছরগুলোতে প্রবৃদ্ধি ঘটলেও ১৩ সালে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি ঘটে। ওই বছরে প্রবাসীরা ১ হাজার ৩৮৩ কোটি ডলার পাঠান, যা ২০১২ সালের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ কম ছিল। ২০১৪ সালে প্রবাসী আয়ে ৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। ওই বছর মোট ১ হাজার ৪৯২ কোটি ডলার আয় দেশে আসে। এরপর ২০১৫ সালেও প্রবাসী আয়ে ২ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশে ব্যাংকিং চ্যানেল ও খোলা বাজারে মার্কিন ডলারের দামের পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকার বেশি। তাই বেশি লাভের আশায় অনেকেই অবৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর পথ বেছে নিচ্ছেন। এ জন্য গত মাসে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোয় ২৫ দোকানকে জরিমানা করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ। এসব দোকান ‘বিকাশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে কম খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ দিয়েছিল। একইভাবে দেশের ভেতরে সম্প্রতি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন ও অর্থ উত্তোলন সীমা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো, রিঙ্গিত, সিঙ্গাপুর ডলারসহ প্রভৃতি মুদ্রার মূল্যমান কমে গেছে। ফলে এসব দেশের শ্রমিকদের আয়ের বিপরীতে বাংলাদেশি টাকা কম পাওয়া যাচ্ছে। তাই রেমিট্যান্সও কমে গেছে।